দেশব্যাপী প্রাণিসম্পদ কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত কয়েক দিনে কয়েকটি নতুন জেলায় ছড়িয়ে পড়লেও অ্যানথ্রাক্স পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করছে সরকার। তবে সংক্রমণ নিয়ন্ত্রণে প্রাণিসম্পদ অধিদপ্তরের সারা দেশের সব কর্মকর্তাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের সব ধরনের ছুটিও বাতিল করা হয়েছে।মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস গতকাল রোববার দুপুরে সাংবাদিকদের এ কথা জানান।মন্ত্রণালয়ে আয়োজিত সভায় মন্ত্রী বলেন, দেশের যেখানেই অ্যানথ্রাক্সের সংক্রমণ দেখা যাবে, সেখানেই যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরও এ ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।আবদুল লতিফ বিশ্বাস বলেন, ভারত সীমান্তবর্তী এলাকা থেকে যাতে কোনো রোগাক্রান্ত গরু আসতে না পারে, সে জন্য সীমান্তরক্ষী ও পুলিশ বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। অ্যানথ্রাক্সের সংক্রমণ আরও বেড়ে গেলে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল ঘোষণা করা হতে পারে বলে তিনি জানান।মন্ত্রী জানান, অ্যানথ্রাক্স আক্রান্ত এলাকাগুলোতে ইতিমধ্যেই দুই লাখ প্রতিষেধক টিকা (ভ্যাকসিন) পাঠানো হয়েছে। ভ্যাকসিন দেওয়া হচ্ছে তিন স্তরে। এর মধ্যে আক্রান্ত এলাকা, পার্শ্ববর্তী এলাকা ও প্রয়োজনে পুরো এলাকায় বিনা মূল্যে প্রতিষেধক দেওয়া হচ্ছে। অ্যানথ্রাক্সে মৃত বা এ জন্য নিধন করা গবাদিপশুর মালিককে ক্ষতিপূরণ দেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।এদিকে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ আলী প্রথম আলোকে বলেন, অ্যানথ্রাক্স পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, সারা দেশে এ পর্যন্ত ৩২টি গরু অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে মারা গেছে। ছাগল মরেছে ১৭টি। এ ছাড়া চারটি জেলায় অ্যানথ্রাক্স আক্রান্ত হয়েছে প্রায় ১০০ জন লোক। মহাপরিচালক বলেন, ‘এটি কোনো অস্বাভাবিক পরিস্থিতি নয়। এ নিয়ে আতঙ্ক ছড়ানোরও কোনো কারণ নেই।’দেশের অন্যত্র ছড়িয়ে পড়ার সম্ভাবনা কতটুকু—জানতে চাইলে আশরাফ আলী বলেন, অ্যানথ্রাক্সে আক্রান্ত হওয়ার পর কয়েক ঘণ্টার মধ্যেই পশুটি মারা যায়। কাজেই অসুস্থ গরু ঢাকায় আনার কোনো সুযোগ নেই।রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইসিডিডিআরের পরিচালক মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, এই রোগ নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। পরিস্থিতি একেবারেই স্বাভাবিক। বিশেষ করে, মানুষের ওপর এ রোগের নিয়ন্ত্রণ আছে। মানুষ থেকে মানুষে এটি ছড়ায় না।মাহমুদুর রহমান জানান, স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসকেরা রোগীদের খুঁজে বের করে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন। এতে রোগীরা পুরোপুরি সুস্থ হয়ে যাচ্ছেন।গত কয়েক দিনে পাঁচটি জেলায় অ্যানথ্রাক্স ছড়িয়েছে। গতকাল চুয়াডাঙ্গায় একজন আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। তাঁর নাম আবদুর রহিম (৪৫)। এর আগে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, কুষ্টিয়া ও পঞ্চগড়ে অ্যানথ্রাক্সের রোগী শনাক্ত করা হয়েছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জেলা পর্যায়ে প্রাণিসম্পদ কর্মকর্তা ও সিভিল সার্জনের নেতৃত্বে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। কোথাও সংক্রমণের নমুনা পেলে তা সংগ্রহ করে পরীক্ষা এবং টিকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।