দেশব্যাপী ১৮ দলের গণ-অনশন পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা গতকাল রোববার সারা দেশে মহানগর ও জেলা সদরে সাত ঘণ্টার গণ-অনশন কর্মসূচি পালন করেছেন।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের জ্যেষ্ঠ নেতাদের মুক্তি, বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীর সন্ধান ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত গণ-অনশন চলে। কেন্দ্রীয়ভাবে ঢাকা মহানগর নাট্যমঞ্চ প্রাঙ্গণে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। বিএনপি ও শরিক দলের নেতা-কর্মীরা সকাল থেকেই মিছিল নিয়ে গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চের সামনে অনশনস্থলে আসতে থাকেন। দুপুরের মধ্যে নেতা-কর্মীদের ভিড়ে জনসভার রূপ পায় পুরো এলাকা। এ কর্মসূচি সামনে রেখে সকাল থেকেই আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। অনশন শুরুর পর জোটের নেতারা মঞ্চ থেকে সরকারের ব্যর্থতার সমালোচনা করে এবং নেতা-কর্মীদের মুক্তির দাবি জানিয়ে বক্তব্য দিতে থাকেন। দুপুর পৌনে ১২টায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অনশনস্থলে পৌঁছান। ১৮ দলীয় জোটের গণ-অনশনে সংহতি অবস্থান করেন জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক, অর্থনীতিবিদ আবু আহমেদ, সাবেক সচিব আসাফ্উদ্দৌলাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিঞা ও এমাজউদ্দীন আহমদ, বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব আবদুল মান্নান প্রমুখ। রফিক-উল হক হরতাল না দিয়ে বিকল্প কর্মসূচি দেওয়ার জন্য খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে হতে হবে। তা অস্থায়ী, অন্তর্বর্তীকালীন বা কোয়ালিশন সরকার হতে পারে। বেলা একটায় অনশন চত্বরে এসে কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।বিকেল পাঁচটায় বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর মেয়ে সাইয়ারা নাওয়ালের হাত থেকে পানি পান করে অনশন ভাঙেন খালেদা জিয়া। একই সঙ্গে অনশন ভাঙেন অন্যারও। এর মধ্যে দিয়ে গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চ প্রাঙ্গণে শেষ হয় ১৮ দলীয় জোটের সাত ঘণ্টার গণ-অনশন। মহানগর নাট্যমঞ্চে কর্মসূচিতে বিএনপির সাংসদেরাসহ কেন্দ্রীয় নেতাদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, জমির উদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, সহসভাপতি এম মোরশেদ খান, আবদুল্লাহ আল নোমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব বরকত উল্লা ও মোহাম্মদ শাহজাহান প্রমুখ অংশ নেন। ১৮ দলীয় জোটের শরিকদের মধ্যে খেলাফত মজলিসের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ ইসহাক, জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য হামিদুর রহমান আযাদ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপির) সভাপতিমণ্ডলীর সদস্য রেদোয়ান আহমেদ, এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মূর্তজা, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান, ইসলামিক পার্টির সভাপতি আবদুল মবিন খান, মুসলিম লীগের সভাপতি এ এইচ এম কামরুজ্জামান খান, ন্যাপ-ভাসানীর শেখ আনোয়ারুল হক, বাংলাদেশ ন্যাপের সভাপতি জেবেল রহমান গণি, জাগপার সাধারণ সম্পাদক খোন্দকার লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া সাবেক অ্যাটর্নি জেনারেল এম জি মোহাম্মদ আলীসহ পেশাজীবী নেতারাও উপস্থিত ছিলেন। কর্মসূচি পরিচালনা করেন জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক ও মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম।