দেশভাগের পর পূর্ববঙ্গে প্রথম হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসুন, আপনাদের নিয়ে যাই ৬৩ বছর আগের ঢাকায়, আজকের দিনটিতে। পাকিস্তান প্রতিষ্ঠার পর ১৯৪৮ সালের এই দিনে পূর্ব বাংলায় প্রথম সফল হরতাল পালিত হয়। ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ দাবিতে এটি ছিল সর্বাত্মক ধর্মঘট। আন্দোলনের নেতারা এ দিন সব শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট ও সাধারণ ধর্মঘটের কর্মসূচি হাতে নিয়েছিলেন। ধর্মঘট সফল করার জন্য ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পিকেটিংয়ের সিদ্ধান্তও নিয়েছিলেন তাঁরা। ১১ মার্চের এই ধর্মঘট ভাষা আন্দোলনকে সংহত করেছিল।কী করে ১১ মার্চটি এল, সেদিকে তাকানো যাক। আপনাদের মনে করিয়ে দিই ১৯৪৮ সালেরই ২৩ ফেব্রুয়ারি করাচিতে অনুষ্ঠিত পরিষদ সভায় ধীরেন্দ্রনাথ দত্তের দেওয়া প্রস্তাবটির কথা। তিনি বাংলাকে গণপরিষদের অন্যতম ভাষা করার প্রস্তাব করেছিলেন। সে সময় গণপরিষদে চলছে শুধু ইংরেজি আর উর্দু। কংগ্রেস দলের সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত বলেছিলেন, ২৯ সংখ্যক ধারার (১) উপধারায় থাকা ‘ইংরেজি’ শব্দটির পর ‘অথবা বাংলা’ শব্দ দুটো যোগ করা হোক। তাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান চটে উঠলেন। বললেন, এতে নাকি পাকিস্তানের দুই অঞ্চলের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে। পাকিস্তান একটি মুসলিম রাষ্ট্র, এর সাধারণ ভাষা মুসলমান জাতির ভাষাই হতে হবে। একমাত্র উর্দুই পাকিস্তানের দুই অংশের জনগণকে অবিচ্ছিন্ন রাখতে পারে।আরও বেশি কাণ্ডজ্ঞানহীন মন্তব্য করলেন পূর্ববঙ্গের প্রধানমন্ত্রী (তখন প্রদেশের মুখ্যমন্ত্রীকেও প্রধানমন্ত্রী বলা হতো) খাজা নাজিমউদ্দিন। বললেন, ‘আমার উচিত পরিষদকে জানানো যে পূর্ব পাকিস্তানের সিংহভাগ মানুষ উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে দেখতে চায়।’ অথচ কোত্থেকে তিনি এ রকম উদ্ভট তথ্য পেলেন, সে কথা জানালেন না। কংগ্রেস দলের রাজকুমার চক্রবর্তী বলেন, ‘উর্দু পাকিস্তানের কোনো প্রদেশের ভাষা নয়; তা হচ্ছে পশ্চিম পাকিস্তানের ওপরতলার কিছুসংখ্যক মানুষের ভাষা। আমরা শুধু চাই, পরিষদের সরকারি ভাষা হিসেবে বাংলার স্বীকৃতি। ইংরেজিকে যদি সে মর্যাদা দেওয়া হয়, তাহলে বাংলা ভাষাও সে মর্যাদার অধিকারী।’লক্ষ করার বিষয়, গণপরিষদের বাঙালি মুসলমান সদস্যরা সেদিন বাংলার পক্ষে কোনো কথা বলেননি।গণপরিষদে প্রস্তাবটি বাতিল হয়ে যায় ২৫ ফেব্রুয়ারি। তাতে ঢাকার ছাত্র-শিক্ষক-বুদ্ধিজীবী মহলে হলো ব্যাপক প্রতিক্রিয়া। ২৬ ফেব্রুয়ারিই ঢাকা শহরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পালিত হলো ধর্মঘট। চলতে থাকল মিছিল, স্লোগান। প্রতিবাদের পর প্রতিবাদ। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, ভাষা-প্রশ্নটি বাঙালি বুদ্ধিজীবী মহলে প্রগাঢ় হয়ে উঠছে তখন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই দিনের প্রতিবাদ সভায় পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের আহ্বায়ক নঈমুদ্দীন, ফজলুল হক হল ইউনিয়নের সহসভাপতি মোহাম্মদ তোয়াহা গণপরিষদের সিদ্ধান্ত ও গণপরিষদের বাঙালি মুসলমান সদস্যদের ভূমিকার তীব্র নিন্দা করেন।রাষ্ট্রভাষা উপকমিটি ২৮ ফেব্রুয়ারি এক সভা করে। পাকিস্তান গণপরিষদের সরকারি ভাষার তালিকা থেকে বাংলাকে বাদ দেওয়া, পাকিস্তানের মুদ্রা ও ডাকটিকিটে বাংলা ভাষা ব্যবহার না করা এবং নৌবাহিনীতে নিয়োগ পরীক্ষা থেকে বাংলাকে বাদ দেওয়ার প্রতিবাদে ১১ মার্চ সারা পাকিস্তানে সাধারণ ধর্মঘট পালনের সিদ্ধান্ত হয়। ১১ মার্চ তারিখটি বাংলার ইতিহাসে জায়গা করে নেয় এরপর। কী ঘটেছিল সেদিন ঢাকায়, কিংবা পুরো বাংলায়?আজ ঢাকার কথাই বলা হোক। ১৯৪৮ সালের ১১ মার্চ ভোর। দলে দলে ছাত্র-জনতা এসে দাঁড়িয়েছে সচিবালয়ের দুই গেটের সামনে। আব্দুল গণি রোডের প্রথম গেটে দেখা যাচ্ছে শামসুল হক, শেখ মুজিবুর রহমান আর অলি আহাদকে। তোপখানা রোডের দ্বিতীয় গেটের কাছে দেখা যাচ্ছে কাজী গোলাম মাহবুব, শওকত আলী, খালেক নওয়াজ খান ও মো. বায়তুল্লাহকে। এঁদের নেতৃত্বেই সচিবালয়ের দুই গেটের সামনে পিকেটিং হবে আর কিছুক্ষণ পর। পিকেটিং হবে রমনা পোস্ট অফিস, পলাশী, নীলক্ষেত ব্যারাক, জেলা আদালত, হাইকোর্ট, রেলওয়ে ওয়ার্কশপের সামনে।সকালের দিকেই শুরু হয়ে গেল পিকেটিং। সচিবালয়ের সামনে পিকেটিং করার সময় শামসুল হক, শেখ মুজিবুর রহমান, কাজী গোলাম মাহবুব, খালেক নেওয়াজ খান, শওকত আলী, বায়তুল্লাহ, অলি আহাদকে গ্রেপ্তার করা হয়। রমনা ডাকঘরের সামনেও পুলিশ ১৩-১৪ জন ছাত্রকে গ্রেপ্তার করে একটি গাছতলায় ঘিরে রাখে।সকালে পিকেটিংয়ে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বেলা দুইটা-আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরাট সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন নঈমুদ্দীন আহমদ। সভা শেষে উত্তেজিত ছাত্ররা প্রদেশের প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দিনের সঙ্গে দেখা করার জন্য মিছিল নিয়ে হাইকোর্টের দিকে এগোলে পুলিশ আবার তাঁদের বাধা দেয়। আন্দোলন চলতে থাকে। এক সময় এই আন্দোলনই আমাদের পৌঁছে দেয় বায়ান্নর একুশে ফেব্রুয়ারি ও একাত্তরের মুক্তিযুদ্ধের কাছে।