হোটেল র্যাডিসনের লবি পেছনে ফেলে এগোতেই ইলিশ ভাজার চনমনে ঘ্রাণ নাকে এল। এই ঘ্রাণ উপেক্ষা করা বড়ই কঠিন। ঘ্রাণের উৎস খুঁজতে গিয়ে দেখা মিলল বিশাল এক তাওয়ার। তাতে ইলিশের বড় বড় টুকরো ভাজা হচ্ছে। আহ! কী চমৎকার আয়োজন! ইলিশ ভাজা খাওয়া হবে কী দিয়ে? একটু ঘুরতেই চমক। কেননা, ভাজা ইলিশের উল্টো পাশেই দেখা গেল পাত্রভরা সাদা ফুলের মতো পান্তাভাত!পাঁচতারকা হোটেলে ইলিশ-পান্তা কেন? কারণ, র্যাডিসন ওয়াটার গার্ডেনে এখন চলছে বাংলাদেশি খাবারের মহোৎসব। শুধু ইলিশ-পান্তাতেই থেমে নেই আয়োজন, এর সঙ্গে আলুভর্তা, শিমভর্তা, বেগুনভর্তা, ধনেপাতাভর্তা, চিংড়ি মাছভর্তা, কাঁচকলার ভর্তা, কী নেই! রসুনের আচার, আমের আচার, সাদা ভাত আছে। আছে পাঞ্জার সমান বড় কই মাছ। ঢাকনা তুলতেই গরম বাষ্পের সঙ্গে দেশি মসলার দারুণ গন্ধ পাওয়া যায়। রান্না করা হাঁসের মাংস, রুই মাছ ভাজা, নারকেল চিংড়ি, দেশি কায়দায় রান্না করা মুরগির রোস্ট আর আলুর দমও মিলবে এখানে। খাসির মাংসের কোফতা আর কাচ্চি বিরিয়ানি সবকিছু ঠাঁই করে নিয়েছে এ খাবার উৎসবে। সালাদ দেখেও মন ভরে যায়। শসা, গাজর, টমেটো একসঙ্গে মিশিয়ে বাঙালির সেই চিরচেনা সালাদ তো আছেই। তার সঙ্গে কামরাঙার সালাদ, জাম্বুরার সালাদ, ডিমের সালাদ, এমনকি মুলার সালাদ পর্যন্ত রয়েছে এখানে।ডেজার্টের আয়োজনেও পাওয়া গেল বাঙালিয়ানার ষোলআনা ছোঁয়া। ফুলঝুরি পিঠা, নারকেল পিঠা, পাটিশাপটা, ছানা বরফি, লাচ্ছা সেমাই, গাজরের হালুয়া, লাড্ডু, চমচম, কালোজাম, ছানার আমিত্তি কিংবা আম দিয়ে দুধভাত—সব মিলিয়ে এখানেও এলাহি কারবার।বাংলাদেশি খাদ্য উৎসবে ফুচকা, চটপটি আর দইবড়া চোখের সামনে বানিয়ে দেওয়া হবে আপনাকে। স্বাস্থ্যহানির ভয়ে যাঁরা এখন আর এসব খাবারের স্বাদ মনেও করতে পারেন না, তাঁদের কিন্তু চোখ বুজে চলে যাওয়া উচিত র্যাডিসনের এ বাংলাদেশি খাবারের উৎসবে। মনের আনন্দে খেয়ে নিন ফুচকা, চটপটি পেটভরে। পেটনামার ভয় একদমই নেই, সে ব্যাপারে অন্তত নিশ্চিত থাকতে পারেন।বাংলাদেশের এ খাবারগুলো নিয়ে হোটেলে আসা ভিনদেশি অতিথিদেরও কিন্তু আগ্রহের কমতি নেই। সেদ্ধ কি আধা সেদ্ধ খেয়ে অভ্যস্ত জিভে তেল-ঝালে রাঁধা তরকারির স্বাদ, খেতে গিয়ে নাকের পানি, চোখের জল এক হয়ে যাচ্ছে, তাতে কী? ঝাল লাগল তো এক ঢোক পানি গিলে আবার খাওয়া শুরু। কয়েকজন তো কাঁটা চামচে গেঁথে গেঁথে ফুচকা পর্যন্ত খাচ্ছিল।র্যাডিসনের এই আয়োজন নিয়ে এখানকার সহকারী জনসংযোগ ব্যবস্থাপক রাজিন অভি মুস্তাফিজ বললেন, ‘প্রতিবছরই বাংলাদেশি খাবারের উৎসব হয় এখানে। আমাদের অতিথিদের বাংলাদেশি খাবার খাইয়ে এ দেশের সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এ উৎসব। দেশে যাঁরা থাকেন, তাঁরাও কিন্তু ঘরে এত এত পদ রান্না করেন না। তাই বাংলাদেশি খাবারের উৎসবে আমাদের দেশের মানুষও অসংখ্য দেশি খাবারের স্বাদ পেয়ে যাবেন।’ শ দুয়েক পদ দিয়ে সাজানো এ খাবারের উৎসবে যোগ দিতে চাইলে জনপ্রতি খরচ হবে এক হাজার ৭০০ টাকা। সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে শুরু করে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলবে ভোজ। ২৫ তারিখে শুরু হওয়া এ উৎসব কিন্তু শেষ হয়ে যাবে এ মাসের ৩০ তারিখে।