দেশি জুতার খোঁজে...
প্রথমে ডাইসে চামড়া বসিয়ে মাপ নেওয়া হয়। এরপর তাতে নকশা আঁকার পালা। এটা শেষ হলে বাড়তি চামড়া কেটে ফেলতে হয়। জুতা তৈরির এমন নানা ধাপ চোখে পড়ল সিদ্দিকবাজারের একটি জুতার কারখানায়। বিদেশি পণ্যের দিকে ঝোঁক বেশি নগরবাসীর। তাই আধুনিক বিপণিবিতান থেকে ফুটপাত—যেখানেই জুতা বিক্রি হয়, বিক্রেতারা তা বিদেশি বলে ক্রেতাদের গছিয়ে দেন। ক্রেতারাও বিদেশি জুতা নিয়ে খুশিমনে বাড়ির পথ ধরেন। অথচ এর বেশির ভাগই তৈরি হয় দেশে।নইলে প্রতিবছর দেশে তৈরি এত স্যান্ডেল ও জুতা যায় কোথায়? পাদুকা প্রস্তুতকারক সমিতির হিসাবে দেশের প্রায় ১২ হাজার পাদুকা কারখানায় তৈরি হয় এসব পাদুকা। এর মধ্যে হাজার পাঁচেক কারখানা রয়েছে ঢাকায়। এর বেশির ভাগই আছে পুরান ঢাকার সিদ্দিকবাজার, সুরিটোলা, বংশাল, হাজারীবাগ, লালবাগ ও নবাবগঞ্জে। এ ছাড়া কামরাঙ্গীরচর, যাত্রাবাড়ী ও মিরপুরে কিছু পাদুকা কারখানা আছে।পাদুকা কারখানার একজন কারিগর মাসে ১০-১২ হাজার টাকা আয় করেন। এ বিষয়ে কারখানার শ্রমিক মহসিন হোসেন বলেন, ‘আমরা কাজ করে প্রতি সপ্তাহে দুই-তিন হাজার টাকা পাই। তবে এই কাজে অনেক পরিশ্রম। রাত জেগে কাজ করতে হয়। আমাদের মজুরি আরও বাড়ানো দরকার।’ পাদুকা কারখানায় প্রায় চার লাখ দক্ষ ও অদক্ষ শ্রমিক কাজ করছে।জুতার কারখানায় অনেক ধাপে কাজ হয়। তাই কারিগরও আছেন আলাদা আলাদা। কেউ ডিজাইন মাস্টার, কেউ কাটিং মাস্টার, কেউ সুইংম্যান, কেউ বা প্রিন্টের কাজ করেন। লাস্টারি ম্যানের কাজ হচ্ছে ফিটিং করা। জুতার ডিজাইনার থেকে শুরু করে কেউই জুতা তৈরির ওপর কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেননি। কারখানায় সহকারী হিসেবে থাকাকালেই শিখে নেন কাজ। এভাবে পাদুকা কারখানায় চলে গুরুমুখী বিদ্যার চর্চা।নগরের ফুলবাড়িয়া, নিউমার্কেট, গাউছিয়া, রাইফেলস স্কয়ার, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সসহ সব মার্কেটেই দেশি জুতা বিক্রি হয়। ৬০/বি সিদ্দিক রোডের একটি পাদুকা কারখানার মালিক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমরা জুতা বেচি ২৫০ টাকা করে। কিন্তু সিল মারা থাকে ৪৫০ টাকা। এতে খুচরা ব্যবসায়ীরা বেশি লাভ পান।’কী ধরনের জুতা তৈরি হয় কারখানায়—জানতে চাইলে জাহাঙ্গীর হোসেন জানান, সব ধরনের জুতাই তৈরি হয়। বিভিন্ন নকশায় ছেলেমেয়েদের স্যান্ডেল ও সু, শিশুদের বিভিন্ন রকম জুতাও তৈরি করা হয়। জুতা তৈরি করতে লাগে চামড়া, রেক্সিন, রাবার, পেস্টিং, আঠা, লি বা দুধ কেমিক্যাল প্রভৃতি। জুতা তৈরির বিভিন্ন সামগ্রী পাওয়া যায় বংশালের দোকানে দোকানে।পুরান ঢাকার পাদুকা কারখানা ঘিরে কিছু সমস্যাও রয়েছে। এ বিষয়ে ১১৭ আগাসাদেক রোডের কারখানা মালিক মীর হোসেন বলেন, ‘আমাদের ব্যবসার সঙ্গে জড়িতরাই সাধারণত এসব এলাকায় ভাড়া থাকে। রাতে কাজ হয়, তাই সবাই এসব এলাকার বাইরে থাকতে পারে না। বেশি ভাড়া পাওয়ার জন্য বাড়িওয়ালারা ছোট ছোট কবুতরের খোপের মতো ঘর করে। বাড়িওয়ালাদের কাছে আমরা জিম্মি। তাঁরা ভাড়ার ব্যাপারে কোনো নিয়মনীতির তোয়াক্কা করেন না। প্রতি ছয় মাস পর পর ভাড়া বাড়ান। তখন অগ্রিমও বাড়াতে বলেন। ভাড়ায় কুলাতে না পারলে আমরা কারখানা সরিয়ে নেই, যা খুব ঝামেলার কাজ।’একই প্রসঙ্গে ৭৫ নম্বর আগামসিহ লেনের বাড়িওয়ালা মোহাম্মদ আলী বলেন, ‘এই কারখানা ভাড়া দিয়েই আমরা চলি। কারখানার বিভিন্ন ধরনের আওয়াজ, কটু গন্ধের মধ্যে থাকতে হয়। আমাদের ভাড়া কম দিলে চলব কীভাবে।’দেশি জুতার কিছু রপ্তানি হয়। তবে এ দেশে চীন থেকে নিয়মিত আমদানি হচ্ছে জুতা। তাদের সঙ্গে পাল্লা দিয়ে টিকে থাকতে হচ্ছে এদেশীয় পাদুকা প্রস্তুতকারকদের। এ বিষয়ে বাংলাদেশ চামড়া ও রেকসিন-জাতীয় পাদুকা প্রস্তুতকারক সমিতির সভাপতি মিজানুর রহমান বলেন, গত বছর নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ড পুরান ঢাকার পাদুকা শিল্পের ওপর আঘাত হেনেছে। ওই ক্ষতি এখনো কাটানো যায়নি। তাই সরকারের সহায়তা দরকার। চীন থেকে আসা তৈরি জুতার ওপর যে শুল্ক, তা বাড়ালে দেশি জুতা প্রতিযোগিতায় টিকতে পারত। এখন ভালো মানের দেশি জুতা তৈরি করতে খরচ বেশি হয়। কারণ জুতার বেশির ভাগ কাঁচামালই বিদেশ থেকে আনতে হয়। এ ক্ষেত্রে কাঁচামাল আমদানির শুল্ক কমালে দেশীয় পাদুকাশিল্পের প্রসার ঘটবে।