দেশি তাঁতের শাড়ির কদর বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে ছুটির দিনগুলোও এখন আর অলস মন্থর নয়। ঈদের কেনাকাটা নিয়ে বিপণিবিতানগুলো সরগরম। ক্রেতারা ছুটছেন এক এলাকা থেকে অন্য এলাকায়। গতকাল শুক্রবার ছুটির দিনেও পথে ছিল ভিড়। সময় দ্রুতই ফুরিয়ে আসছে। কেনাকাটার পর্ব চুকিয়ে ফেলতে বেশ খানিকটা রাত পর্যন্ত তাঁরা দরদাম, যাচাই-বাছাই নিয়ে ব্যস্ত থাকছেন।গতকাল সকাল থেকেই ক্রেতাদের ভিড় দেখা যায় রাজধানীর বিপণিবিতানগুলোতে। দুপুরে জুমার নামাজের সময় ভিড় কিছুটা কমে আসে। তবে বিকেল থেকে বড় বড় মার্কেটে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। ঈদের কেনাকাটায় নারীদের প্রিয় পোশাকের তালিকায় শাড়ির প্রাধান্য থাকে বরাবরই। উৎসব উপলক্ষে সবাই জমকালো কাজের শাড়ি পছন্দ করেন। সে ধরনের শাড়িই বিকোচ্ছে প্রচুর। এসব শাড়ির অধিকাংশই আসছে ভারত থেকে। তবে ইদানীং নানা ধরনের কারুকাজ করা দেশি তাঁতের শাড়িরও কদর বেড়েছে। টাঙ্গাইলের সুতি, হাফসিল্ক, তসরের বাজার ভালো। অনেকের আবার জামদানি পছন্দ। তবে সুতার মূল্য ও মজুরি বৃদ্ধির ফলে জামদানির দাম চড়া। একই অবস্থা রাজশাহী সিল্কের। বিক্রেতারা জানালেন, রাজশাহীতে এখন আর রেশম সুতার উৎপাদন হয় না। চড়া দামে সুতা আমদানি করতে হচ্ছে চীন থেকে। ফলে বলাকা সিল্ক, সফট সিল্ক, এন্ডি—এসব শাড়ির দাম গত বছরের চেয়ে প্রায় দ্বিগুণ বেশি।জমকালো শাড়িগুলোতে রয়েছে গয়নায় ব্যবহূত পাথরের অলংকরণ। অত্যন্ত চড়া দাম এসব শাড়ির। বাহারি শাড়ির জন্য খ্যাত মগবাজারের বিশাল সেন্টারের রেঙ্গুলি শাড়িস-এর ব্যবস্থাপক আরাবুল ইসলাম জানালেন, ইতালিয়ান নেট ও ক্রেপ সিল্কের ওপর পাথরের কাজ করা এসব শাড়ির দাম ২৫ হাজার থেকে ৪৫ হাজার টাকা পর্যন্ত। এ ছাড়া মাদ্রাজি সিল্ক, বেঙ্গালোর সিল্ক, দক্ষিণ ভারতীয় সিল্ক, গাদোয়ান, শিফন, মুগাকোটা, নেট, কোটা—এসব শাড়ির দাম ছয় হাজার টাকা থেকে শুরু। আট থেকে ১০ হাজার টাকার ঐতিহ্যবাহী কাশ্মীরি সুতার কাজ করা শাড়িগুলো এবার বেশি চলছে বলে তিনি জানালেন। জ্যোতি শাড়িরও চাহিদা ভালো। ইস্টার্ন মল্লিকা শাখার ব্যবস্থাপক শাহনূর হাসান জানালেন, তাঁরা ভারতের বিভিন্ন রাজ্য থেকে সর্বশেষ ডিজাইনের শাড়ি সংগ্রহ করেন। আবার বিশেষ ডিজাইনের শাড়ি তৈরি করিয়ে আনেন। সর্বনিম্ন তিন হাজার থেকে ২০ হাজার টাকার শাড়ি রয়েছে তাঁদের সম্ভারে। দেশি শাড়ির মধ্যে সুতি শাড়ির কাটতি ভালো। মধ্যবিত্তের প্রিয় কেনাকাটার কেন্দ্র গাউছিয়া মার্কেটের শাড়ির দোকান মনিহার-এর স্বত্বাধিকারী মোহাম্মদ শাজাহান জানালেন, ৫০০ টাকায় বেশ ভালো মানের ছাপা সুতি শাড়ি পাওয়া যাবে। ভারত থেকে এখন আর সুতির ছাপা শাড়ি আসে না। দেশি শাড়ির মধ্যে টাঙ্গাইলের শাড়ি পাওয়া যাচ্ছে ৬০০ থেকে এক হাজার ২০০ টাকায়। টাঙ্গাইলের বিশেষ শাড়ির সম্ভার রয়েছে বেইলি রোডের টাঙ্গাইল শাড়ি কুটিরে। এই প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি রোজী আক্তার জানালেন, তাঁদের সুতি শাড়ির দাম এক হাজার ৫০০ টাকা থেকে শুরু। পুরোটাই হাতের কাজ করা শাড়ির দাম সর্বোচ্চ ছয় হাজার টাকা। হাফসিল্ক এক হাজার ২০০ থেকে সাত হাজার টাকা। সিল্ক শুরু চার হাজার থেকে এবং মসলিন ছয় হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত। জামদানির দাম সাড়ে পাঁচ হাজার থেকে এক লাখ ৪০ হাজার টাকা পর্যন্ত। তবে পাশেই সিদ্ধেশ্বরী বালিকা বিদ্যালয় মাঠে জামদানি মেলায় এক হাজার ২০০ টাকাতেও জামদানি কিনতে পাওয়া যাচ্ছে।রাজশাহী সিল্কের বাজার সুবিধার নয়। এলিফ্যান্ট রোডের নূর মার্কেটের রাজশাহী সিল্ক বেঙ্গল টেক্সটাইলের বিক্রয়কেন্দ্রের ব্যবস্থাপক আমিনুল আলম জানালেন, রাজশাহীতে রেশম সুতা উৎপাদন বন্ধ। চীন থেকে সুতা আমদানি করতে হচ্ছে বেশি দামে। সফট সিল্ক শাড়ির দাম ছিল ৭০০ থেকে ৯০০ টাকা, এখন তার দাম নিম্নে এক হাজার ৫০০ টাকা। ঝর্ণা সিল্ক শাড়ি আড়াই থেকে তিন হাজার টাকা। আগে দাম ছিল এক হাজার ২০০ টাকা। বলাকা থান কাপড় এখন সাড়ে ৪০০ টাকা গজ। এর দাম ছিল সাড়ে ৩০০ টাকা। দাম বাড়লেও ডিজাইন বা নকশায় তেমন নতুনত্ব আসেনি। সে কারণে ক্রেতারা রাজশাহীর ঐতিহ্যবাহী সিল্ক শাড়ির থেকে আকর্ষণ হারিয়ে ফেলেছেন। ঈদের বাজারেও তাঁদের বেচাকেনা সামান্যই।