দেশি ফলের বেশি টান
বৈশাখ এলেই হূদয়ের গহিনে দেশি পণ্যের প্রতি একরকম টান কম-বেশি আমরা সবাই অনুভব করি। এ সময়টায় কিন্তু ফলের বাজারেও নানা ধরনের দেশীয় ফল ওঠে। নগরের বিভিন্ন স্থানে দেখা মিলছে দেশীয় ফল, লোকজন কিনেও নিচ্ছে। ফলগুলো আবার স্বাদে, মানে, গুণে আলাদা। কিন্তু সমস্যা হলো, এ শহরে এমন অনেকেই আছেন যাঁরা কি না দেশি ফলের নাম কিংবা স্বাদ কোনোটার সঙ্গেই খুব একটা পরিচিত নন। খোদ ফলওয়ালারাই জানালেন, অনেকেই ফল কিনতে এসে না চিনতে পেরে শেষ পর্যন্ত দেশি ফলের নামধাম জিজ্ঞেস করেন।বেতের ফলের মতো নীলাভ ব্যথিত তোমার দুই চোখ... কবি জীবনানন্দ দাশের সেই বিখ্যাত উপমা হয়তো অনেকেরই জানা। কিন্তু জানা নেই উপমার সেই ফলটি দেখতে কেমন। জানা যে নেই, সেটা বোঝা গেল চারুকলার সামনের ফুটপাত ধরে যেতে যেতে দোকানিকে লক্ষ্য করে ছুড়ে দেওয়া পথচারীদের কৌতূহলী জিজ্ঞাসায়, ‘এটা কী জিনিস?’ দোকানি নজরুল ইসলাম তখন জ্ঞান দেওয়ার মতো করে বলেন, ‘এটার নাম হইল ব্যাতফল।’আমলকীর মতো এই ফলও ভীষণ টক। লবণ দিয়ে খেতে তাই খারাপ লাগে না। এর অন্য রকম একটা বুনো গন্ধ আছে। তা ছাড়া এটা গ্রামবাংলার ঐতিহ্যবাহী ফল। তাই পথেঘাটে কখনো পেলে দু-পাঁচ টাকার কিনে স্বাদটা চেখে নিন। কেননা কবে যে বিলুপ্ত হয়ে যায়, তার কোনো ঠিক নেই। খেয়ে রাখলে নাতি-নাতনিদের অন্তত গল্প শোনাতে পারবেন।দেশজ এ ফল আজকাল আর তেমন একটা দেখা যায় না। দোকানির কাছ থেকে জানা গেল, মাঝেমধ্যে শ্যামবাজারের ফলের পাইকারেরা বেতফল আনেন। কেজি ৬০ টাকা। সেখান থেকে এক কেজি কিনে এনেছেন তিনি।পুরান ঢাকার শ্যামবাজারে ঋতুভিত্তিক দেশি ফল সারা বছর পাওয়া যায়। বায়তুল মোকাররম এলাকার ফুটওভারব্রিজের নিচে, আজাদ প্রোডাক্টসের গলিতে গড়ে উঠেছে দেশি ফলের বাজার। রাজধানীর কারওয়ান বাজার, নিউমার্কেট আর শহর ঘুরে দেখা গেল, এই অসময়েই কাঁঠাল পাওয়া যাচ্ছে ফলের দোকানে। দাম অবশ্য একটু বেশি। তবুও ১৫০-৩০০ টাকায় অসময়ের কাঁঠাল খাওয়া যাচ্ছে এই বা কম কি।অসময়ের বরইও মিলছে ২০০ টাকা কেজি দরে। আবার শ্রীমঙ্গলের বিখ্যাত মিষ্টি আনারস পাওয়া যাচ্ছে ১০০-১২০ টাকা হালি দরে। যশোরের আতা আছে। দাম পড়ে ৬০-১০০ টাকা কেজি। দোকানে দোকানে বেশ ঘটা করে বিক্রি করা হচ্ছে সফেদাও। ফলটি যেমন মিষ্টি তেমনি উপকারী। স্বাদও খুব ভালো। ফল ভাঙলে চমৎকার একটা বুনো গন্ধ নাকে আসে। সারা দেশে পাওয়া গেলেও এই ফলটা বেশি হয় যশোর ও খুলনা অঞ্চলে। সেখান থেকেই ঢাকায় আসে সফেদা। সফেদার পর আরেকটা দেশি ফলের নাম চলে আসে মুখে, সেটা হচ্ছে ভেলি বেল। বাজারে সাধারণত যে বেল দেখতে পান সেটার নাম পেতি বেল। এই বেল আকারে ছোট, ভেতরে প্রচুর বীজ থাকে। সেদিক থেকে ভেলি বেল একেবারেই বিপরীত। আকারে প্রায় দ্বিগুণ হয় ভেলি বেল। ভেতরে কোনো বীজ থাকে না, আর স্বাদ হয় মিষ্টি। ফলে কেবল ভাওয়াল রাজার দেশে। আমলকীকে শুধু ফল বললে ভুল হবে। ভেষজ গুণে আমলকী অত্যন্ত সমৃদ্ধ। খেতে টক হলেও ভিটামিন সি-এর অপার উৎস। আর দামেও সস্তা।