মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনে প্রথাগত আন্তর্জাতিক আইনের মৌলিক বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে বলে মত দিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন কিউসি। তিনি বলেছেন, ১৯৭৩ সালের আইনের সঙ্গে প্রথাগত আন্তর্জাতিক আইন সাংঘর্ষিক হলে দেশীয় আইনই প্রাধান্য পাবে। সংবিধানের ৪৭(৩) অনুচ্ছেদে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনকে সুরক্ষাও দেওয়া হয়েছে।অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) হিসেবে শুনানিতে গতকাল বুধবার কিউসি এ মত দেন। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এ শুনানি গ্রহণ করেন।মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিল শুনানিকালে দুটি গুরুত্বপূর্ণ আইনগত প্রশ্ন ওঠায় গত ২০ জুন আপিল বিভাগ এ বিষয়ে মতামত দিতে অ্যামিকাস কিউরি হিসেবে জ্যেষ্ঠ সাত আইনজীবীর নাম ঘোষণা করেন। ৮ জুলাই শুনানির দিন ধার্য করেন। প্রশ্ন দুটি হলো, দণ্ড ঘোষণার পর আইনে আনা সংশোধনী কাদের মোল্লার ক্ষেত্রে প্রযোজ্য কি না? এবং আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর অধীনে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথাগত আন্তর্জাতিক আইন প্রযোজ্য হবে কি না?ইতিমধ্যে অ্যামিকাস কিউরি হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক, এম আমীর-উল ইসলাম ও সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম মতামত দিয়েছেন।আজমালুল হোসেন বলেন, ‘প্রথাগত আন্তর্জাতিক আইনের মৌলিক বিষয়গুলো আমাদের আইনে অন্তর্ভুক্ত রয়েছে। যদি কোনো ব্যাপারে দেশীয় আইনে কোনো শূন্যতা বা অস্পষ্টতা থাকে, সে ক্ষেত্রে ব্যাখ্যায় সহায়তার জন্য প্রথাগত আন্তর্জাতিক আইন গ্রহণ করা যেতে পারে। সাধারণত যেকোনো দেশে প্রথাগত আন্তর্জাতিক আইন প্রযোজ্য হতে পারে। তবে প্রথাগত আন্তর্জাতিক আইন দেশের আইনের সঙ্গে সাংঘর্ষিক হলে কোনটা প্রাধান্য পাবে? যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের আইনি ব্যবস্থা বিশ্লেষণ করে তিনি বলেন, তাদের প্রেক্ষাপটে দেখা যায়, দেশীয় আইনই প্রাধান্য পায়।কিউসির বক্তব্য অসমাপ্ত অবস্থায় গতকাল শুনানি শেষ হয়। কিউসিকে শুনানিতে সহায়তা করেন আইনজীবী এ বি এম সিদ্দিকুর রহমান খান। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও কাদের মোল্লার পক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন। রোববার কিউসি আবার বক্তব্য দেবেন।মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে দুটিতে তাঁকে যাবজ্জীবন এবং তিনটিতে ১৫ বছর করে কারাদণ্ডাদেশ দেন। অন্য একটি অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়। কিন্তু কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে তরুণদের নেতৃত্বে গড়ে ওঠে গণজাগরণ মঞ্চ। এরপর দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের সমান সুযোগ রেখে ১৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) (সংশোধন) বিল, ২০১৩ জাতীয় সংসদে পাস হয়। এর আগে আসামির সাজার বিরুদ্ধে আপিলের সুযোগ ছিল না সরকারপক্ষের।৩ মার্চ কাদের মোল্লার সর্বোচ্চ সাজা চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। পরদিন ট্রাইব্যুনালের দেওয়া দণ্ডাদেশ বাতিল করে অব্যাহতি চেয়ে আপিল করেন কাদের মোল্লা। ১ এপ্রিল আপিলের শুনানি শুরু হয়।