দেশীয় পণ্য নিয়ে জয়িতা
ধানমন্ডির রাপা প্লাজার চতুর্থ তলায় যেতেই কেমন যেন অচেনা লাগছিল চারপাশের পরিবেশ। এই তলার ভেতরের সজ্জায় এসেছে বেশ পরিবর্তন। পাঁচতলায়ও চোখে পড়ল ঠিক একই দৃশ্য।দুই ফ্লোরে রয়েছে মোট ১৪০টি আউটলেট। এগুলোর কোনোটায় রয়েছে তৈরি পোশাক, কোনোটায় টাটকা শাকসবজি আবার কোনোটিতে রয়েছে মুড়ি-মুড়কিসহ বিভিন্ন শুকনো খাবার।আউটলেটের পাশাপাশি এখানে আরও আছে ফুডকোর্ট, শিশুদের খেলার জায়গা ও বিনোদনের ব্যবস্থা। মহিলাবিষয়ক অধিদপ্তরের অধীনে দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে কাজ করা নিবন্ধিত ১৮০টি সমিতির নারীদের তৈরি পণ্য নিয়ে নগরের রাপা প্লাজার চতুর্থ ও পঞ্চম তলায় চালু করা হয়েছে দেশীয় পণ্যের বাজার ‘জয়িতা’। একটি আউটলেটে হোগলাপাতার ঝুড়ি ও গৃহসজ্জার পণ্য বিক্রির জন্য নিয়ে এসেছেন নীলফামারীর চন্দ্রিমা দেব চৌধুরী। তিনি বলেন, ‘আমরা আগে কয়েকজন পাইকারের কাছে পণ্য বিক্রি করতাম। কিন্তু এখন সরাসরি ক্রেতাদের কাছে এসেছি।’একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছেন নুসরাত জাহান। প্রথমবারের মতো সুপারশপটিতে কেনাকাটা করতে এসে ভালো লেগেছে তাঁর। তিনি বলেন, ‘রাপা প্লাজায় এসেছিলাম অন্য কাজে, কিন্তু জয়িতায় এসে ভিন্ন এক আবহ পেলাম। কোনো ভিড় নেই।এখন থেকে নিয়মিতই আসব এখানে।’ইতিবৃত্ত‘আপন সংস্কৃতির পণ্যমেলা’ স্লোগান নিয়ে সুপারশপ জয়িতা চালু হয়েছে ১৬ নভেম্বর। জয়িতা সুপারশপের ব্যয়ের ৬০ শতাংশ বহন করছে সরকার, আর ৪০ শতাংশ বহন করছে সমিতি। তবে লাভের পুরোটাই পাবেন পণ্য বিক্রি করতে আসা সমিতির নারীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্য নিয়ে আসা ৫০ জন নারীকে সুলভে আবাসনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এ ছাড়া বিপণন, পণ্যের মানোন্নয়ন প্রভৃতি বিষয়ে নারীদের জন্য জয়িতার পক্ষ থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে যেসব নারী ছোট্ট সন্তান নিয়ে সুপারশপে পণ্য বিক্রি করতে আসেন, তাঁদের জন্য এখানে করা হচ্ছে কিডস কর্নার।সুপারশপটি সম্পর্কে মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ হোসেন বলেন, ‘আমাদের অধীনে সারা বাংলাদেশে অনেক নিবন্ধিত সমিতি রয়েছে। এগুলোর মাধ্যমে অনেক নারী বিভিন্ন ধরনের পণ্য তৈরি ও উৎপাদন করে থাকেন। কিন্তু মধ্যস্বত্বভোগীদের কারণে তাঁরা লাভবান হতে পারেন না। নারীরা যাতে সরাসরি পণ্য বাজারজাত করতে পারেন, এর জন্যই সুপারশপটি চালু করা হয়েছে। এতে দেশীয় পণ্যও জনপ্রিয় হবে।’যা রয়েছে সুপারশপেজয়িতার ১৪০টি আউটলেটে পাওয়া যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের নারীদের তৈরি পোশাক; বাঁশ, বেত, পাট ও হোগলাপাতার তৈরি গেরস্থালির জিনিস; মুড়ি, চিড়া, খই, ঘি, দই, মিষ্টি, আস্ত ও গুঁড়া মসলা, ঢেঁকিছাঁটা চাল, নারকেলের চিড়া, মধুসহ বিভিন্ন ধরনের শুকনো ও তরল খাবার।এ ছাড়া কাঁচা মাছ, মুরগির মাংস. টাটকা শাকসবজিও রয়েছে এখানে। এসব পণ্য উৎপাদন ও সংরক্ষণে রাসায়নিক কোনো পদার্থ ব্যবহূত হয় না। এখানে পণ্যের দামও তুলনামূলক কম।জয়িতায় রয়েছে ১০টি ফুডকোর্ট। এগুলোয় দুপুরের খাবার, জলখাবার ছাড়াও পাওয়া যাচ্ছে ফাস্টফুডের বিভিন্ন পদ। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এ সুপারশপ। তবে মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকে। সপ্তাহে একটি দিন এখানে বাউল গান ও পুতুলনাচের আসর বসানোর পরিকল্পনা রয়েছে।