দেশীয় পণ্যের উৎপাদন ও মান বাড়ান: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান সুসংহত করতে উৎপাদন ও পণ্যের গুণগত মান বাড়াতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মাসব্যাপী ১৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০১১-এর উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) বাংলাদেশের মতো দেশগুলোর জন্য একাধারে যেমন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে, অন্যদিকে অপার সুযোগও এনে দিয়েছে। তাই বাণিজ্য বিস্তারের জন্য বিশ্বায়ন ও উদারীকরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বাণিজ্য সম্প্রসারণ ও নতুন বাজার সৃষ্টির লক্ষ্যে রপ্তানি বাড়ানোর জন্য নতুন নতুন কৌশল নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।’বাংলাদেশে উৎপাদিত পণ্য রপ্তানি ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ যাতে শুল্কমুক্ত রপ্তানির সুযোগ পায়, সে জন্য সরকার মার্কিন যুক্তরাষ্ট্রসহ সম্ভাবনাময় দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।’প্রধানমন্ত্রী আরও বলেন, ‘রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে তাঁর সরকার বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোকে ইতিমধ্যে সক্রিয় করেছে। চলতি বছর রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮৫০ কোটি মার্কিন ডলার। এ লক্ষ্য অর্জনের জন্য সরকার কাজ করে যাচ্ছে। গত বছরের নভেম্বর পর্যন্ত অর্থবছরের ৫ মাসে ৮২০ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা আগের বছরের এ সময়ের তুলনায় ৩৬ শতাংশ বেশি।’দেশের বর্তমান বিদ্যুৎ সংকটের জন্য বিগত বিএনপি-জামায়াত জোট সরকারকে দায়ী করে প্রধানমন্ত্রী বলেন, ‘জোট সরকারের পাঁচ বছর ও তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরে জাতীয় গ্রিডে এক মেগাওয়াট বিদ্যুৎও নতুন করে সংযোজিত হয়নি। অথচ চাহিদা বেড়েছে অনেক। ইতিমধ্যেই ৩০টি বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ চলছে। আরও ১০টি কেন্দ্র নির্মাণের কার্যাদেশ দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ বছর আরও ২ হাজার ৩৬১ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত হবে।’প্রধানমন্ত্রী নিয়মিত আন্তর্জাতিক বাণিজ্যমেলা আয়োজনের ওপর গুরুত্বারোপ করে বলেন, নিয়মিত এ ধরনের মেলার আয়োজন নতুন নতুন পণ্য উদ্ভাবন, পণ্যের মান উন্নয়ন ও বহুমুখীকরণ ও প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে সহায়ক হয়। বাংলাদেশের উৎপাদিত পণ্য নতুন নতুন আমদানিকারককে আকৃষ্ট করতে পারলে একদিকে যেমন আমাদের রপ্তানি বাড়বে, অন্যদিকে শিল্পায়নকে ত্বরান্বিত করবে। এই বাণিজ্য মেলা রপ্তানি ও বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।—বাসস