মোগল আমলে সুবা বাংলার রাজধানীর মর্যাদা পেয়ে ঢাকার জৌলুশ বেড়ে গিয়েছিল। কিন্তু ব্রিটিশ শাসনের গোড়ায় সেই জৌলুশে ভাটা পড়ে। ব্রিটিশ শাসকদের কল্যাণে সমৃদ্ধ হয়ে ওঠে কলকাতা। তার তুলনায় ঢাকা নগর যে পিছিয়ে পড়ে, তা বোঝা যায় ১৮৮৮ খ্রিষ্টাব্দে লর্ড ডাফরিনের ঢাকা সফরের একটি ঘটনায়। তাঁর জন্য নবাব আবদুল গনি কলকাতার উইলসন হোটেল থেকে বিলেতি খাবার আনিয়েছিলেন। এতে সাত হাজার টাকা খরচ হয় বলে মুনতাসীর মামুনের ঢাকা সমগ্র ১ গ্রন্থ থেকে জানা যায়।ব্রিটিশ শাসনের শেষ দিকে বিলেতি রন্ধনপ্রণালি অনুসরণে ঢাকায় রেস্তোরাঁ গড়ে উঠেছিল। এগুলোর বাবুর্চিরা মূলত কলকাতার রেস্তোরাঁ থেকেই বিলেতি খাবার তৈরির কায়দাকানুন শিখে এসেছিলেন। ঢাকার বিলেতি খাবারের রেস্তোরাঁগুলোয় ইংরেজদের সঙ্গে সঙ্গে একপর্যায়ে ঢাকার ভোজনবিলাসীরাও ভিড় জমাতে শুরু করেন। তারই রেশ এখনো রয়ে গেছে বাংলাবাজারের ক্যাফে কর্নার রেস্তোরাঁয়। এখানে বাবুর্চি হিসেবে আছেন জন গোমেজ। তিনি জানান, ব্রিটিশ শাসনের শেষ দশকে কলকাতায় রেস্তোরাঁয় কাজ করতেন গাজীপুর জেলার কালীগঞ্জের জোসেফ ও টিপন। তাঁরা সেখানে বিলেতি খাবার তৈরির কায়দাকানুন শেখেন। ১৯৪৭-এর দিকে জোসেফ ও টিপন ঢাকায় চলে আসেন। জোসেফ কাজ শুরু করেন বাংলাবাজারের ক্যাফে কর্নারে। প্রায় একই সময়ে ওয়াইজঘাটের মিনারভা রেস্তোরাঁয় কাজ নেন টিপন। জোসেফ ও টিপনের তৈরি কাটলেট, ক্যারাম চপ, চিংড়ি ফ্রাই, ফিশ ফ্রাই, ভেজিটেবল ফ্রাই জনপ্রিয় হয়। মিনারভা রেস্তোরাঁ এখন আর নেই। জন গোমেজ আগে এখানেই কাজ করতেন। ১৯৯০ খ্রিষ্টাব্দ থেকে আছেন ক্যাফে কর্নারে। মিনারভায় তাঁর ওস্তাদ ছিলেন টিপন বাবুর্চি। এদিকে মালিবাগের কফি হাউসেও একসময় বিলেতি কেতার কিছু খাবার বিক্রি হতো। সেখানে খাবার তৈরি করতেন বেণুু। তিনি ছিলেন ক্যাফে কর্নারের বাবুর্চি জোসেফের সহকারী। ২০০৮ সালের দিকে মালিবাগের কফি হাউস বন্ধ হয়ে গেছে বলে জানান জন গোমেজ।এদিকে ঢাকাই খাবার হিসেবে জনপ্রিয় গেলাসি বিলেতি রেসিপির একটি বিবর্তিত রূপ বলে জানা যায়। এ বিবর্তনের পেছনে বিলেতি খাবারের ঢাকাই কারিগরদের ভূমিকা রয়েছে। এ প্রসঙ্গে ঢাকা আমার ঢাকা গ্রন্থে সাঈদ আহমদ উল্লেখ করেছেন, পুরান ঢাকার মানুষের মুখে মুখে এখনো আছে পাগলার গেলাসির নাম। বিশ শতকের ত্রিশ-চল্লিশের দশকে পাগলার বাবা ছিলেন টমসন সাহেবের কুক। তাঁরা বংশপরম্পরায় কুকের কাজ করতেন। একসময় টমসন সাহেব তল্পিতল্পা গুটিয়ে বিলেত চলে যান। ফলে চাকরি হারান পাগলার বাবা। নতুন করে তিনি আর চাকরির সন্ধান না করে নিজের জমি-জিরেতে চাষবাস শুরু করলেন। পাগলা বড় হওয়ার পর বংশানুক্রমিক কুকের কাজে তাঁর আগ্রহ দেখা দিল। তিনি চাষবাস রেখে বাবার কাছে শেখা বিভিন্ন বিলেতি রেসিপির অনুশীলন করতে লাগলেন। বাবা মারা যাওয়ার পর পাগলা জিন্দাবাহারের তল্লাটে আশেক লেনের লায়ন থিয়েটার লাগোয়া একটা বেড়ার মতো ঘরে খুলে বসালেন গেলাসির দোকান। ওই দোকান এখন আর নেই।ব্রিটিশ আমল থেকে ঢাকায় একটি চাকরিজীবী বাবুর্চি শ্রেণী গড়ে ওঠে। তাঁরা মূলত ব্রিটিশদের প্রতিষ্ঠান বা বাসায় কাজ করতেন। তাঁরা বিলেতি রেসিপি অনুসরণ করেই খাবার তৈরি করতেন। পলাশীর যুদ্ধের ৩৪ বছর আগে ঢাকায় বাবুর্চি পদবি থাকার প্রমাণ পাওয়া যায়। মোগল রাজধানী ঢাকা গ্রন্থে ড. আবদুল করিম উল্লেখ করেছেন, ১৭২৩ খ্রিষ্টাব্দে ঢাকায় কুঠি প্রতিষ্ঠিত হয়। কুঠির কর্মচারীদের তালিকায় বাবুর্চি রয়েছে। ১৭৪৫ খ্রিষ্টাব্দে ইংরেজরা ঢাকা কুঠিতে যে কর্মচারীদের নিয়োগ করেছিল তার তালিকায়ও রয়েছে বাবুর্চি।ঢাকার নবাব পরিবারের সঙ্গে ইংরেজ শাসকদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। প্রায়ই নবাববাড়িতে বেড়াতে আসতেন উচ্চপদস্থ ইংরেজ কর্মকর্তারা। এ জন্য ইংরেজদের খাবার তৈরি করতে পারে এমন বাবুর্চিদের ডাক পড়ত নবাববাড়িতে। এর মধ্যে অন্যতম হচ্ছেন বংশীবাজারের বাবুর্চি ইদু খলিফা ও জানু খলিফা। এ দুই ভাই বিলেতি খাবার তৈরিতে সিদ্ধহস্ত ছিলেন। ঢাকার নবাব পরিবারের বংশধর ও নওয়াব সলিমুল্লাহ এতিমখানার আজীবন সদস্য খাজা মো. হালিম (৭৮) জানিয়েছেন, ইংরেজ সংস্কৃতির সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় থাকায় নবাববাড়ির লোকজনও বিলেতের কিছু পদ নিয়মিত চেখে দেখতেন। তাই তাঁদের বাড়ির বেতনভুক্ত বাবুর্চিদের কেউ কেউ বিলেতি রেসিপিতে হাত পাকিয়েছিলেন।বংশীবাজারের বাবুর্চি ইদু খলিফা ও জানু খলিফার বংশধরেরা এখনো বাস করে ওই এলাকার দীগু বাবু লেনে। তাঁদের বংশধর জুম্মন মিয়া (৭২) ও শেখ আলী মোল্লা (৬৪) জানান, উনিশ শতকের শেষার্ধ্বে ইংরেজদের বাসায় কুকের কাজ করতেন দুই ভাই জানু খলিফা ও ইদু খলিফা। তাঁদের বাবা মুর্শিদাবাদ থেকে ঢাকায় এসেছিলেন। তিনিও ইংরেজদের খাবার তৈরি করতেন। নবাববাড়ি ছাড়াও বিলেতি খাবার তৈরিতে জানু খলিফা ও ইদু খলিফার ডাক পড়ত ঢাকা ক্লাবে ইংরেজদের পার্টিতে। জানু খলিফার দুই ছেলে দীন মোহাম্মদ ও শেখ আলী মোহাম্মদ এবং ইদু খলিফার দুই ছেলে মো. বিল্লাল মিয়া ও মো. ছানা উল্লাহ কুকের কাজ করেছেন ইংরেজ ও পাকিস্তান আমলে। তাঁরা উচ্চপদস্থ ইংরেজ কর্মকর্তাদের বাসায় রান্না করতেন। দীন মোহাম্মদ ও শেখ আলী মোহাম্মদ নারায়ণগঞ্জে রেলি ব্রাদার্সের উচ্চপদস্থ ইংরেজ কর্মকর্তাদের বাসায় রান্না করতেন। দীন মোহাম্মদ রাষ্ট্রদূতদের বাসায়ও চাকরি করেছেন। শেখ আলী মোহাম্মদের ছেলে শেখ আলী আমজাদ ও শেখ মোহাম্মদ আলীও ইংরেজ কর্মকর্তাদের কুক হিসেবে কাজ করেছেন। শেখ আলী আমজাদ পাকিস্তান হওয়ার প্রথম দিকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের একজন বিদেশি কর্মকর্তার বাসায় রান্নাবান্নার কাজ করতেন। এরপর তিনি ও তাঁর ভাই শেখ মোহাম্মদ আলী গুলশান, সিদ্ধেশ্বরীসহ বিভিন্ন এলাকায় বিদেশিদের বাসায় রান্নাবান্নার কাজ করেছেন। তাঁরা যখন বিদেশিদের বাসায় রান্নার কাজ করতেন, তখন ঢাকার বেশির ভাগ বিদেশি অফিস ছিল মতিঝিলের আমিন কোর্টে। শেখ মোহাম্মদ আলী যেসব বাসায় রান্না করতেন, সেসব বাসার কেউ কেউ মিটফোর্ডের পাশের নলগোলায় পাটের অফিসের উচ্চপদস্থ ইংরেজ কর্মকর্তা ছিলেন। ইংরেজদের বাবুর্চি হওয়ার সুবাদে তাঁরা ইংরেজি ভাষা বলাটা রপ্ত করেছিলেন। শেখ আলী আমজাদ ও শেখ মোহাম্মদ আলীর পর ওই পরিবারের আর কেউ পাশ্চাত্যের খাবার তৈরির কাজকে পেশা হিসেবে বেছে নেননি। তবে ওই বংশের চান মিয়া বাবুর্চি দেশীয় খাবার তৈরিতে সুনাম অর্জন করেন। তাঁর ছেলেরা এখন দেশীয় খাবারের বাবুর্চির কাজ করছেন। ব্রিটিশ আমলের শেষ দিকে ও পকিস্তান আমলের শুরুর দিকে লক্ষ্মীবাজারের শেখ আব্দুল হামিদ ও শেখ মো. নান্না নামে দুই ভাই ইংরেজদের বাবুর্চি ছিলেন। এ সূত্র ধরে তাঁদের সঙ্গে বংশীবাজারের দীগু বাবু লেনের বাবুর্চিদের আত্মীয়তা তৈরি হয়।বিলেতি খাবার তৈরিতে সিদ্ধহস্ত দেশীয় বাবুর্চিদের ব্যস্ততা বেশি থাকত ডিসেম্বর মাস এলে। তখন বড়দিন উপলক্ষে বিশেষ বিশেষ নকশার কেক তৈরি করতে হতো। এ প্রসঙ্গে শেখ আলী মোল্লা (৬৪) জানান, শেখ আলী মোহাম্মদের ছেলে শেখ আলী আমজাদ ও শেখ মোহাম্মদ আলী বড়দিনের এক-দুই সপ্তাহ আগে থেকে বাসায় বসে কেক, বিস্কুট, এক রকমের বিফ প্যাটিস তৈরি করে নারায়ণগঞ্জে ইংরেজ কর্মকতাদের বাসায় সরবরাহ করতেন। কেক আবার ফুল-পাখিসহ বিভিন্ন নকশায় সাজানো হতো। বিলেতিদের জন্য দেশীয় বাবুর্চিরা বড়দিনের সময় আইসক্রিমও তৈরি করতেন। ইংরেজরা বড়দিনে বাবুর্চিদের উপহার দিত।মোগল শাসনের পরে ঢাকায় ইংরেজ শাসন বজায় ছিল ১৯০ বছর। তবে মোগল খাবারের মতো আর কোনো জাতির খাবারকে ঢাকাবাসী আপন করে নিতে পারেনি। তবে বিলেতি খাবারের মধ্যে কাটলেট, গেলাসি অবশ্য মানুষের মন জয় করেছে। অন্যান্য বিলেতি খাবার পাঁচ তারকা হোটেলে রেস্তোরাঁর মতো অভিজাত জায়গায়ই মেলে। সেসব অভিজাত রেস্তোরাঁয় ভিনদেশি বাবুর্চি যেমন আছে, তেমনি কাজ করছে দেশীয় বাবুর্চিও।(ছবিগুলো ১০ দ্বিগুবাবু লেন বংশীবাজারের জুম্মন মিয়া ও শেখ আলী মোল্লার পারিবারিক সংগ্রহ থেকে নেওয়া হয়েছে)