দেশে অনুপুষ্টির স্বল্পতা ব্যাপক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় জরিপ বলছে, বাংলাদেশে অনুপুষ্টির (মাইক্রোনিউট্রিয়েন্টস) অভাব প্রবল। মানুষের শরীরে দস্তা বা জিঙ্কের স্বল্পতা ব্যাপক। ভিটামিন ‘এ’-এর স্বল্পতা দীর্ঘদিন ধরে অপরিবর্তিত আছে। লৌহের অভাবজনিত রক্তস্বল্পতার প্রকোপ কিছুটা কমলেও পাঁচজনের মধ্যে একজন নারী ভিটামিন ‘বি’ ১২-এর অভাবে ভুগছেন।বিভিন্ন ধরনের অনুপুষ্টি নিয়ে জাতীয়ভিত্তিক জরিপ এটাই প্রথম। গতকাল রোববার আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র, বাংলাদেশে (আইসিডিডিআরবি) ‘জাতীয় অনুপুষ্টি জরিপ ২০১১-১২-এর ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। সরকারের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, আইসিডিডিআরবি, জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এবং বেসরকারি প্রতিষ্ঠান গ্লোবাল অ্যালায়েন্স (গেইন) যৌথভাবে দেশব্যাপী এ জরিপ করেছে।জরিপে দেখা গেছে, প্রাক-স্কুল শিশুদের ৪৫ শতাংশ এবং নারীদের (গর্ভবতী নয় বা শিশুদের স্তন্য দেয় না এমন নারী) ৫৭ শতাংশ দস্তার স্বল্পতায় ভুগছে। এ হার বস্তিবাসী শিশু ও নারীদের মধ্যে আরও বেশি। অনুষ্ঠানে অংশগ্রহণকারী পুষ্টিবিজ্ঞানী ও জরিপকারীরা বলেন, দস্তাস্বল্পতার অন্যতম কারণ খাদ্যাভ্যাসের কারণে যেসব খাদ্য খাওয়া হচ্ছে তাতে দস্তার পরিমাণ কম। উদ্ভিদ-জাতীয় খাদ্যে (শাক-জাতীয়) দস্তা কম থাকে। দেশের এক-তৃতীয়াংশ নারীর খাদ্য তালিকায় বেশি পরিমাণে উদ্ভিদ-জাতীয় খাদ্য থাকে।পুষ্টিবিদেরা বলেন, অনুপুষ্টি খুব কম পরিমাণে দরকার হলেও শরীরের জন্য তা খুবই জরুরি। ভিটামিন ‘এ’, লৌহ, দস্তা, আয়োডিন, ফোলেট, ভিটামিন ‘বি’ ১২-এগুলো গুরুত্বপূর্ণ অনুপুষ্টি। ভিটামিন ‘এ’ রাতকানা রোগ প্রতিরোধে সহায়তা করে। রক্তের লোহিত কণিকা তৈরিতে বড় ভূমিকা রাখে লৌহ। লৌহের অভাবে মানুষের শেখার ও কাজের ক্ষমতা হ্রাস পায়। শরীরের স্বাভাবিক বৃদ্ধিতে ভূমিকা রাখে দস্তা। শিশুদের বুদ্ধিবৃত্তিক সক্ষমতা বাড়াতে সহায়তা করে আয়োডিন। ফোলেট ও ভিটামিন ‘বি’-১২ বিপাকে নানা সহায়তা করে। জরিপের ফলাফল উপস্থাপন করেন আইসিডিডিআরবির পুষ্টি কর্মসূচির ব্যবস্থাপনা সমন্বয়কারী সবুক্তগীন রহমান। তিনি বলেন, প্রাক-স্কুল ও স্কুলগামী শিশুদের মধ্যে ভিটামিন ‘এ’-এর স্বল্পতা ব্যাপক এবং দীর্ঘদিন ধরে পরিস্থিতি একই রকম আছে। প্রতি পাঁচটি শিশুর একটি ভিটামিন ‘এ’-এর স্বল্পতায় ভুগছে। তিনি বলেন, দেশে রক্তস্বল্পতার প্রকোপ আগের চেয়ে কমে আসছে। এর একটি কারণ হয়তো এই যে, দেশের বহু মানুষ ভূগর্ভস্থ পানি পান করে।অনুপুষ্টি নিয়ে এটি দেশের প্রথম জরিপ। ২০১১ সালের ৪ অক্টোবর থেকে ২০ ডিসেম্বর দেশের ৫৮টি জেলা থেকে তথ্য সংগ্রহ করা হয়। ভিটামিন ‘এ’ পরিস্থিতি জানার জন্য তিন হাজার ৭০০ নমুনা, রক্তস্বল্পতার জন্য তিন হাজার ১৫০টি নমুনা, লৌহের জন্য তিন হাজার ১৫০টি নমুনা, দস্তার জন্য দুই হাজার ৫৫০টি নমুনা, ফলিক অ্যাসিডের জন্য এক হাজার ৫০টি নমুনা, ভিটামিন ‘বি’ ১২-এর জন্য এক হাজার ৫০টি নমুনা এবং আয়োডিনের জন্য দুই হাজার ৮৫০টি নমুনা সংগ্রহ করা হয়। এ ছাড়া এক হাজার ৮০০ পরিবার ও এক হাজার ৬০০ খুচরা দোকান থেকে লবণের তথ্য নেওয়া হয়। জরিপকারীরা প্রাক-স্কুল শিশু (৬-৫৯ মাস), স্কুলগামী শিশু (৬-১৪ বছর) এবং নারীদের (১৫-৪৯ বছর) তথ্য সংগ্রহ করেন।অনুষ্ঠানের শুরুতে আইসিডিডিআরবির পুষ্টি ও খাদ্যনিরাপত্তা বিভাগের পরিচালক তাহমিদ আহমেদ দেশের পুষ্টি-পরিস্থিতির বর্ণনা দেন। জরিপের প্রেক্ষাপট ও কর্মকৌশল নিয়ে বক্তব্য দেন জরিপের জাতীয় কারিগরি কমিটির সদস্য ফেরদৌসী বেগম। আইসিডিডিআরবির অন্তর্বর্তীকালীন নির্বাহী পরিচালক আব্বাস ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. হুমায়ুন কবির।