দেশে অর্থনৈতিক সংকট নেই: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেউ কেউ খালি অর্থনীতির সর্বনাশই দেখেন। তিনি বলেন, ‘আমি আপনাদের আশ্বাস দিতে চাই, বাংলাদেশে অর্থনৈতিক কোনো সংকট হয়নি।’বিশ্বের উন্নত দেশগুলোকে যে ধরনের অর্থনৈতিক সংকটের মোকাবিলা করতে হচ্ছে, বাংলাদেশে তেমনটা ঘটেনি বলে দাবি করেন শেখ হাসিনা।আজ শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪০তম সমবায় দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে প্রধানমন্ত্রী বলেছেন, সবাই টাকা টাকা নাই বলে চিত্কার করছেন। তিনি প্রশ্ন তুলে বলেন, ‘টাকা থাকবে না কেন?’প্রধানমন্ত্রী বলেন, ‘মুঠোফোনের লাইসেন্স বিক্রি করেই কিছুদিন আগে আমরা তিন হাজার কোটি টাকা অর্জন করেছি।’ আরও কয়েক হাজার কোটি টাকা সরকার পাবে বলে তিনি দাবি করেন।প্রধানমন্ত্রী বলেন, বিদেশ থেকে বিনিয়োগ আসছে। ফলে দেশে কোনো অর্থনৈতিক সংকট নেই। প্রধানমন্ত্রী সমবায়ের মাধ্যমে খাদ্য উত্পাদন বাড়িয়ে তা বিদেশে রপ্তানি করতে সমবায়ীদের পরামর্শ দিয়েছেন।ওই অনুষ্ঠানে ২০০৯ এবং ২০১০ সালের ১৮ জন ব্যক্তি এবং ২০টি প্রতিষ্ঠানকে জাতীয় সমবায় পুরস্কার দেওয়া হয়। এরপর প্রধানমন্ত্রী ঢাকা মহানগর পল্লী উন্নয়ন ও সমবায় মেলায় অংশগ্রহণকারীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন এবং সারা দেশে সমবায় মেলার উদ্বোধন ঘোষণা করেন।এ ছাড়া অনলাইন কো-অপারেটিভ মার্কেট এক্সচেঞ্জেরও উদ্বোধন করেন শেখ হাসিনা।