দেশে আইন বিশ্ববিদ্যালয় হচ্ছে
দেশে আইন বিশ্ববিদ্যালয় হচ্ছে। আর এটি হবে সার্কপর্যায়ের প্রতিষ্ঠান। খ্যাতনামা আইনবিদ ড. কামাল হোসেন এর উদ্যোক্তা। ইতিমধ্যে সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভানসড লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজের (সেইলস) আওতায় এ সংক্রান্ত কার্যক্রম শুরু হয়েছে।আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ সম্প্রতি সেইলস আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সার্বিক সহযোগিতার ব্যাপারে সরকারের পক্ষ থেকে আশ্বাস দিয়েছেন। একই অনুষ্ঠানে ড. কামাল হোসেন, ভারতের খ্যাতনামা আইনের অধ্যাপক এন আর মাধব মেনন, নেপালের কাঠমান্ডু স্কুল অব ল-এর অধ্যাপক যুবরাজ সাংগ্রুলা এবং জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান উপস্থিত ছিলেন।দেশে এখন চারটি সরকারি বিশ্ববিদ্যালয় ও ২৫টির মতো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগ রয়েছে। এ ছাড়া জেলা-উপজেলা পর্যায়ে রয়েছে বেসরকারি আইন মহাবিদ্যালয়। এসব প্রতিষ্ঠানে যুগোপযোগী পাঠ্যক্রম দক্ষ শিক্ষক-গবেষক এবং মানসম্পন্ন মৌলিক গবেষণা ও প্রকাশনার ঘাটতি রয়েছে বলে এশীয় উন্নয়ন ব্যাংকের এক গবেষণায় বলা হয়েছে। শিক্ষাদান পদ্ধতিও গতানুগতিক, যা যুগের চাহিদার সঙ্গে তাল মেলাতে পারছে না। অথচ বিশ্বায়ন, আন্তর্জাতিক ব্যবসা ও অন্যান্য সংস্থার কার্যক্রম সম্প্রসারণ এবং বিশ্বব্যাপী মানবাধিকার ও মানবিকসংক্রান্ত সমস্যার ক্রমবিস্তার ঘটলেও দেশে আইনে ডিগ্রিপ্রাপ্তরা চাকরির প্রতিযোগিতায় পিছিয়ে থাকছেন। কারণ প্রচলিত আইন বিভাগগুলো শিক্ষার্থীদের যুগোপযোগী ও দক্ষ করতে ব্যর্থ হচ্ছে। বেঙ্গালুরুর ন্যাশনাল ল স্কুলের প্রতিষ্ঠাতা এন আর মাধব মেনন মনে করেন, এখানকার আইন শিক্ষা বিশ্বমানের হলে ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে কাজের সুবাদে বিদেশি মুদ্রা আয়ে সহায়ক হবেন। দক্ষিণ এশীয় আইন বিশ্ববিদ্যালয় এ অঞ্চলের শান্তি-স্থিতিশীলতার বিস্তার ও উন্নয়নে সহায়ক হবে।ড. কামাল হোসেন আশা প্রকাশ করেন, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় এমন আইনজীবী তৈরি করবে, যারা শুধু অর্থ উপার্জনের চেয়ে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় অবদান রাখবে। তাঁর মতে, আইন হলো এমন একটি হাতিয়ার, যা সঠিকভাবে প্রয়োগ হলে অসহায় মানুষের ক্ষমতায়নে তা অবদান রাখবে। ড. যুবরাজ সাংগ্রুলার মতে, প্রস্তাবিত আইন বিশ্ববিদ্যালয় দক্ষিণ-এশীয় শিক্ষা ও বুদ্ধিবৃত্তিক চর্চায় সহায়ক হবে।সেইলস সম্প্রতি বিকল্প বিরোধ নিষ্পত্তি ও ক্লিনিক্যাল আইন শিক্ষা (সিএলই) বিষয়ে মাসব্যাপী পৃথক দুটি কর্মশালা করেছে। এতে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপের ৩৬ জন বিচারক, আইনজীবী ও আইনের শিক্ষার্থী অংশ নেন।