দেশে আইনের চর্চা নানাভাবে বাধাগ্রস্ত: বিচারপতি হাবিবুর রহমান
সাবেক প্রধান বিচারপতি ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান বলেছেন, ‘আমাদের দেশে আইনের চর্চা নানা মাত্রিকভাবে বাধাগ্রস্ত, বলতে গেলে রাহুগ্রস্ত হয়েছে।’ আজ সোমবার রাজধানীর জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমি মিলনায়তনে আদিবাসী বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক আইন নিয়ে লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।বিচারপতি হাবিবুর রহমান বাংলাদেশের ভেতরে যেসব জনগোষ্ঠী আছে তাদের মধ্যে নতুন করে সংবিভাগ, বিরোধ সৃষ্টি না করে সমঝোতার মাধ্যমে সমস্যা সমাধান করতে বলেছেন।আদিবাসীদের ভূমির অধিকার বিষয়ে তিনি বলেন, ‘আদিবাসীদের ব্যক্তিগত মালিকানা সীমিত। তাদের সমাজে গোষ্ঠীগত মালিকানাকে বড় করে দেখা হয় এবং এটাকে আইনে আনা খুব কঠিন নয়। তবে আমরা এ নিয়ে কোনো সমাধানে পৌঁছাতে পারছি না।’আদিবাসীদের উদ্দেশে সাবেক প্রধান বিচারপতি বলেন, ‘আমাদের হতাশ হওয়া উচিত নয়, হঠাত্ করে ক্ষুব্ধ হওয়ারও দরকার নেই। কারণ, যে সমস্যা নিয়ে এ বইয়ের সূচনা সেটা পৃথিবীতে চলছে এবং তারা নানাভাবে সমবেত হওয়ার চেষ্টা করছে।’অনুষ্ঠানে বিচারপতি এস কে সিনহা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে। আশা করি, বাংলাদেশ সরকারও তাদের স্বীকৃতি দেবে। এখন সংবিধান সংশোধন চলছে। তাই বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে।চাকমা রাজা দেবাশীষ রায় বলেন, পার্বত্য শান্তিচুক্তির ফলে যেসব আইন তৈরি হয়েছে, তার কোনো কোনোটি নিয়ে হাইকোর্টে প্রশ্ন উঠেছে। তাই এসব আইনি সংঘর্ষ এড়াতে এগুলো সংবিধানে উল্লেখ করতে হবে। একটি গ্রহণযোগ্য শব্দের মাধ্যমে আদিবাসীদের অভিহিত করার দাবি জানান তিনি।অনুষ্ঠানে অতিথিরা ‘কম্পেনডিয়াম অন ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল লজ অ্যান্ড ইন্ডিজেনাস পিপল ইন বাংলাদেশ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন। কাপেং ফাউন্ডেশন ও অক্সফাম জিবি এই অনুষ্ঠানের আয়োজন করে।