দেশে আজ গণতন্ত্র বিপন্ন, ধ্বংসপ্রায়
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘দেশে আজ গণতন্ত্র বিপন্ন, ধ্বংসপ্রায়।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘গণতন্ত্রকে তার পথে চলতে দিন। গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবেন না। এটি আপনার জন্য, দেশের জন্য, সর্বোপরি সবার জন্য ক্ষতিকর।’আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকার দাউদকান্দি ছাত্রকল্যাণ পরিষদ আয়োজিত মানববন্ধনে নজরুল ইসলাম খান এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও তাঁদের মুক্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।নজরুল ইসলাম খান অভিযোগ করেন, সরকার হামলা, মামলা ও নির্যাতন করে বিএনপির আন্দোলন ভণ্ডুল করার চেষ্টা করছে। তবে এসব করে আন্দোলন থামানো যাবে না বলে তিনি সরকারকে সতর্ক করেন। এভাবে চলতে থাকলে আন্দোলন আরও জোরদার হবে বলে তিনি মন্তব্য করেন।