দেশে আটটি প্রদেশের প্রস্তাব করলেন এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ দেশে আটটি প্রদেশের প্রস্তাব করেছেন। প্রস্তাবিত প্রদেশগুলো হচ্ছে উত্তরবঙ্গ, বরেন্দ্র, জাহাঙ্গীরনগর, জালালাবাদ, চট্টলা, ময়নামতি, জাহানাবাদ ও চন্দ্রদ্বীপ। আজ শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘বাংলাদেশে প্রাদেশিক সরকার পদ্ধতির পরিকল্পনা’ শীর্ষক এক সেমিনারে তিনি এই প্রস্তাব পেশ করেন। প্রাদেশিক পদ্ধতি বাস্তবায়ন সমন্বয় কমিটি এই সেমিনারের আয়োজন করে।লালমনিরহাট, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় নিয়ে হবে উত্তরবঙ্গ প্রদেশ। এর রাজধানী হবে রংপুর।রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জ নিয়ে হবে বরেন্দ্র প্রদেশ। এর রাজধানী হবে রাজশাহী।জাহাঙ্গীরনগর প্রদেশের জেলাগুলো হলো ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর। এ প্রদেশের রাজধানী ময়মনসিংহ।সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ নিয়ে প্রস্তাবিত জালালাবাদ প্রদেশের রাজধানী হবে সিলেট।চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলা নিয়ে গঠিত হবে চট্টলা প্রদেশ। এ প্রদেশের রাজধানী করা হবে চট্টগ্রাম। ময়নামতি প্রদেশে থাকবে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা ও ব্রা‏ক্ষণবাড়িয়া জেলা। এর রাজধানী হবে কুমিল্লা।খুলনা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর, যশোর, নড়াইল, সাতক্ষীরা ও বাগেরহাট নিয়ে প্রস্তাবিত জাহানাবাদ প্রদেশের রাজধানী হবে খুলনা।বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ভোলা ও বরগুনা জেলা নিয়ে গঠিত হবে চন্দ্রদ্বীপ প্রদেশ। এর রাজধানী হবে বরিশাল।এরশাদের প্রস্তাবিত প্রদেশের প্রাদেশিক সরকারের আলাদা মন্ত্রিসভা হবে, যার প্রধান হবেন একজন মুখ্যমন্ত্রী।প্রদেশের প্রস্তাব উত্থাপন করে হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তনের আর কোনো বিকল্প নেই। প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তিত হলে রাষ্ট্র পরিচালনা, অর্থনৈতিক সমৃদ্ধি উন্নয়ন এবং শাসনতান্ত্রিক ক্ষেত্রে সুফল বয়ে আনবে।এরশাদ বলেন, প্রাদেশিক রাজধানী হবে অর্থনৈতিক, প্রশাসনিক, বিচারব্যবস্থা ও অন্যান্য কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। ফলে জনগণ কেন্দ্রীয় রাজধানীর বদলে প্রাদেশিক রাজধানীর দিকে ঝুঁকে পড়বে এবং কেন্দ্রীয় রাজধানীতে বাড়তি জনসংখ্যার চাপ কমে আসবে। সেমিনারে অন্যদের মধ্যে বক্তৃতা করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান, সাবেক মন্ত্রী মিজানুর রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম, সাবেক আইজিপি আশরাফুল হুদা, বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) এম এ মান্নান, সাবেকমন্ত্রী সৈয়দ দিদার বখত, দি ইনডিপেডেন্ট-এর সম্পাদক মাহবুবুল আলম, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ শফিউল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান শরীফউদ্দিন আহমেদ ও চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমান।সেমিনারে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদের, জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, মোস্তফা জামাল হায়দার ও কাজী ফিরোজ রশিদ উপস্থিত ছিলেন।জাতীয় পার্টির চেয়ারম্যান জানান, প্রদেশ গঠনের ব্যাপারে ছয়টি বিভাগীয় শহরে সেমিনার অনুষ্ঠিত হবে। বাসস।