শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ২০২০ সালের মধ্যে মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রী সাড়ে ছয় থেকে ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ঠিক করা হয়েছে। এ লক্ষ্যে সরকার দুটি মহিলা পলিটেকনিকসহ আরও ২৫টি পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করার উদ্যোগ নিয়েছে। গতকাল সোমবার দক্ষতা উন্নয়ন নিয়ে আয়োজিত তিন দিনব্যাপী এক আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ সরকার, শিক্ষা-সম্পর্কিত সাব-গ্রুপ ও নোরাগের সহায়তায় সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন স্থানীয় এক হোটেলে ওই আঞ্চলিক সম্মেলনের আয়োজন করে।সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, তরুণ প্রজন্মকে দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদে পরিণত করার ওপর সরকার সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে সরকার বিভিন্ন সুদূরপ্রসারী পদক্ষেপ নিয়েছে। কারিগরি ও ভোকেশনাল শিক্ষার মাধ্যমে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা উন্নয়নের ক্ষেত্রে বিপ্লব ঘটানো সম্ভব। তিনি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা উন্নয়নে সরকারের পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।সম্মেলনে ন্যাশনাল কনসালটেটিভ কমিটি ফর ওয়ার্কার্স এডুকেশনের চেয়ারপারসন শাহ মো. আবু জাফর, নোরাগের কো-অর্ডিনেটর মাইকেল কার্টন, নোরাগের বার্তা সম্পাদক কেনেথ কিং ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত উরস হেরেন বক্তব্য দেন।