দেশে আল্লাহর গজব নেমে আসার আশঙ্কা করছেন মুফতি শহিদুল
ইসলামী আইন সংরক্ষণ কমিটির আহ্বায়ক মুফতি শহিদুল ইসলাম বলেছেন, নারী নেতৃত্ব মানা গেলেও নারীকে কখনো ইমাম মানা যায় না। একসময় তাঁরা নারী নেতৃত্ব ইসলামে হারাম বললেও আবার ইসলামি দলগুলো নারী নেতৃত্ব মানছে কেন জানতে চাইলে এ তিনি এ কথা বলেন। আজ বৃহস্পতিবার রাজধানীতে একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। হরতালে কোরআন নিয়ে রাস্তায় নামা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ভেবেছিলাম হাতে কোরআন থাকলে পুলিশ লাঠিপেটা করবে না। কিন্তু এই সরকারের পেটুয়া পুলিশ তৌহিদি জনতাকে দমন করার নামে কোরআনের প্রতি বেয়াদবি করেছে। এই অবমাননার কারণে দেশে আল্লাহর গজব নেমে আসার আশঙ্কা করছি। ’ইসলাম হরতাল সমর্থন করে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘কোরআন-হাদিসে সাংবাদিকদের নিয়েও তো সংবাদ সম্মেলন করার কথা নেই কিন্তু আমরা তো সেটা করছি। কাজেই প্রয়োজনে হরতালেও করা যায়। কোরআন বাঁচাতে এই জালেম সরকারের বিরুদ্ধে হরতাল করা হয়েছে।’ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যসচিব তোফাজ্জল হক, ঢাকা মহানগর সভাপতি মাওলানা এমরান-উজ-জামান, মুফতি শরাফত হোসেন, মাওলানা আবদুল লতিফ নেজামীসহ প্রমুখ।