দেশে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে একটি এফিলিয়েটিং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। এ ছাড়া তিনি ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের বেতন পর্যায়ক্রমে বৃদ্ধি এবং পৃথক মাদরাসা শিক্ষা অধিদপ্তর ও একাধিক মাদরাসা শিক্ষা বোর্ড গঠনেরও ঘোষণা দিয়েছেন।আজ বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী মিলনায়তনে বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের কেন্দ্রীয় কমিটির সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।ইসলামের অপব্যাখ্যা করে শান্তিশৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত স্বার্থান্বেষী গোষ্ঠীর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য দেশের পীর-মাশায়েখ, আলেম-ওলামা, মসজিদের ইমাম ও খতিবদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।নারীনীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কোরআন-সুন্নাহ অনুসরণ করেই এই নীতি প্রণয়ন করা হয়েছে। বিএনপি-জামায়াত জোট পাঁচ বছর ক্ষমতায় ছিল। যারা এ নীতির বিরোধিতা করে হরতাল করল, তারাও তো সেই সরকারে ছিল। তবে আমার প্রশ্ন, ক্ষমতায় থাকার সময় তারা কেন সিডো সনদ বাতিল করেনি?’ নারীনীতিতে সম্পদ, কর্মসংস্থান, বাজার ও ব্যবসায় নারীকে সমান সুযোগ ও অংশীদারি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।আলেম-মাশায়েখদের প্রতি প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, কোমলমতি ও নিরীহ মাদরাসাছাত্রদের ভুল বুঝিয়ে তাদের হাতে পবিত্র কোরআন শরিফ ও লাঠি তুলে দিয়ে হরতালের দিন রাস্তায় নামানো হয়। এটা কি ঠিক হয়েছে? কোনো খাঁটি মুসলমান কি পবিত্র কোরআন শরিফের এ ধরনের অবমাননা করতে পারেন? কারও এভাবে পবিত্র কোরআন শরিফ অবমাননার অধিকার নেই।মাদরাসা শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা নতুন শিক্ষানীতির আওতায় মাদরাসা শিক্ষার স্বকীয়তা বজায় রেখে একে আরও যুগোপযোগী করার পদক্ষেপ নিয়েছি।’বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দিন বলেন, ‘আমার দেখা দেশের শীর্ষ পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে শেখ হাসিনাই সবচেয়ে ধর্মপ্রাণ। ব্যক্তিজীবনে তিনি সবচেয়ে বেশি ধর্ম চর্চা করেন। যা মন থেকে বিশ্বাস করেন তাই বলেন।’এ সময় সংগঠনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা সাব্বির আহমেদ মোমতাজী, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা এম আলাউদ্দিন, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ ও প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এম এ করিমসহ অনেকেই উপস্থিত ছিলেন। বাসস।