দেশে উপার্জনক্ষম মানুষ ৫৮ শতাংশ
আদমশুমারি ও গৃহগণনা বলছে, দেশে ১৫ থেকে ৫৯ বছর বয়সী উপার্জনক্ষম মানুষ ৫৮ শতাংশ। আর অন্যের ওপর নির্ভরশীল শিশু ও ষাটোর্ধ্ব মানুষ ৪২ শতাংশ। বিশেষজ্ঞরা বলছেন, জনসংখ্যার এই বয়সকাঠামো অর্থনৈতিক প্রবৃদ্ধির অনুকূলে থাকবে আগামী তিন দশক।জনসংখ্যার বিবর্তন বাংলাদেশের সামনে এই বিশেষ সুযোগ এনে দিয়েছে। বিচক্ষণতার সঙ্গে এই সুযোগ কাজে লাগাতে পারলে দেশ বিপুল জনসংখ্যা থেকে লাভবান হবে। এই বিশেষ লাভবান হওয়ার সুযোগকে ‘জনসংখ্যাভিত্তিক মুনাফা’ বা ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ বলা হচ্ছে।সর্বশেষ আদমশুমারি ও গৃহগণনায় দেখা যাচ্ছে, অন্যের আয়ের ওপর নির্ভরশীল শিশু ও বয়স্ক জনগোষ্ঠীর হার বাংলাদেশে কমে যাচ্ছে। অন্যদিকে ১৫ থেকে ৫৯ বছর বয়সী কর্মক্ষম মানুষের সংখ্যা বাড়ছে। জনসংখ্যা বিশেষজ্ঞরা বলছেন, ৩০ থেকে ৩৫ বছর জনসংখ্যার গতিধারা এমনই থাকবে। অতীতে এ পরিস্থিতি কখনো হয়নি। ভবিষ্যতে জাতির সামনে এ সুযোগ আর আসবে না। বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, জন্মহার ক্রমাগত কমে আসার কারণে জনসংখ্যার বয়সকাঠামোতে বড় ধরনের পরিবর্তন এসেছে এবং তা অব্যাহত থাকবে। এটা এমন এক পর্যায়ে এসেছে যে আগামী তিন-চার দশক মোট জনসংখ্যায় কর্মক্ষম মানুষের অনুপাত বাড়তে থাকবে। অর্থাৎ মোট জনসংখ্যা যে হারে বাড়বে, শ্রমশক্তির আকার তার চেয়ে বেশি হারে বাড়তে থাকবে। এটিই জনসংখ্যা বিবর্তনের বাড়তি সুবিধা বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। তিনি বলেন, সরকারের উন্নয়ন নীতিতে এ বিষয়টি প্রতিফলিত হয়নি।বাড়তি লাভ: শ্রমশক্তি নিয়ে কাজ করেন এমন ব্যক্তিরা বলেন, ১৫ বছরের কম ও ৬০ বছরের বেশি বয়সীরা নির্ভরশীল জনগোষ্ঠী। ১৫ থেকে ৫৯ বছর বয়সীরা উৎপাদনশীল জনগোষ্ঠী। আফ্রিকার অনেক দেশে ১৫ বছরের কম বয়সী জনগোষ্ঠীর আকার অনেক বড় (যেমন নাইজেরিয়া)। এদের জন্য পরিবারের ও রাষ্ট্রের অনেক ব্যয়। ইউরোপের বেশ কয়েকটি দেশ, অস্ট্রেলিয়া ও জাপানে ৬০ বছরের বেশি বয়সীদের সংখ্যা বড়। এদের চিকিৎসা ব্যয় অনেক বেশি। নির্ভরশীল জনগোষ্ঠীর আকার ছোট হলে তা অর্থনীতির জন্য ভালো।বিশিষ্ট জনসংখ্যাবিদ ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) জনসংখ্যা বিভাগের পরিচালক কিম পিটার স্ট্রিডফিল্ড এশিয়ার জনসংখ্যা নিয়ে গবেষণায় দেখেছেন, ১৯৫০ সালে এশিয়ায় উৎপাদনশীল জনসংখ্যা ছিল ৫৬ দশমিক ৮ শতাংশ। ওই সময় নির্ভরশীল জনসংখ্যা ছিল ৪৩ দশমিক ২ শতাংশ। নির্ভরতার হার ছিল ৭৬ শতাংশ। ২০০০ সালে উৎপাদনশীল জনসংখ্যা ছিল ৬০ দশমিক ৮ শতাংশ। আর নির্ভরশীল জনসংখ্যা ছিল ৩৯ দশমিক ২ শতাংশ। নির্ভরতার হার ছিল ৬৫ শতাংশ। প্রাক্কলন অনুসারে ২০৫০ সালে এশিয়ায় উৎপাদনশীল জনসংখ্যা হবে ৫৮ দশমিক ২ শতাংশ। আর নির্ভরশীল জনসংখ্যা হবে ৪১ দশমিক ৯ শতাংশ। নির্ভরতার হার বেড়ে দাঁড়াবে ৭২ শতাংশে।কিম স্ট্রিডফিল্ড বলছেন, ১৯৫০ সালে গড় আয়ু কম থাকায় ষাটোর্ধ্ব মানুষের সংখ্যা কম ছিল। তবে নারীদের সন্তান জন্মদানের হার বেশি ছিল। তাই নির্ভরশীল জনসংখ্যার হার বেশি ছিল। অন্যদিকে ২০৫০ সালে সন্তান জন্মদানের হার কমলেও গড় আয়ু বৃদ্ধি পাওয়ার কারণে ষাটোর্ধ্ব মানুষ বাড়বে। ফলে নির্ভরশীলতার হারও বাড়বে। কিন্তু ২০০০ সালের দিকে জন্মহার ও ষাটোর্ধ্ব মানুষের সংখ্যা কম ছিল বলে নির্ভরশীলতার হারও কম ছিল। এই সময়টা এশিয়ার অনেক দেশের অর্থনীতির জন্যও ভালো ছিল।বাংলাদেশ পরিস্থিতি: কিম স্ট্রিডফিল্ড বলেন, বাংলাদেশ এই ভালো সময়টি অতিক্রম করছে। তাঁর বিশ্লেষণে ২০৩৫ সাল নাগাদ নির্ভরশীলতার হার ৪০ শতাংশে থাকবে। তার পরে ষাটোর্ধ্ব মানুষের সংখ্যা বাড়বে।সর্বশেষ আদমশুমারি ও গৃহগণনার চূড়ান্ত ফলাফল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশ করেছে। তাতে দেখা যায়, ১৫-৫৯ বছর বয়সী অর্থাৎ উৎপাদনশীল জনসংখ্যার হার ৫৭ দশমিক ৯ শতাংশ। ০-১৪ বছর বয়সী জনসংখ্যা ৩৪ দশমিক ৭ শতাংশ। ৬০ বছরের বেশি বয়সী মানুষ ৭ দশমিক ৪ শতাংশ। অর্থাৎ নির্ভরশীল জনসংখ্যা ৪২ দশমিক ১ শতাংশ।বিভিন্ন আদমশুমারিতে দেখা গেছে, স্বাধীনতার পর থেকে নির্ভরশীলতার হার ক্রমান্বয়ে কমেছে। ১৯৭৪ সালে নির্ভরশীলতার হার ছিল ১১৬ শতাংশ। ’৮১ ও ’৯১ সালে তা কমে দাঁড়ায় যথাক্রমে ১০৯ ও ১০২ শতাংশে। ২০০১ সালের নির্ভরতার হার ছিল ৮৩ শতাংশ।অর্থনীতির কী লাভ: ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, শিশু আর বৃদ্ধের তুলনায় কর্মক্ষম মানুষ যেহেতু কিছু না কিছু উৎপাদন করে, সে কারণে বিনিয়োগ বাড়ানো ছাড়াও এ ক্ষেত্রে জিডিপি প্রবৃদ্ধির একটা বাড়তি উপাদান কাজ করছে। প্রবৃদ্ধির এই সুবিধা বাংলাদেশ এখনই ভোগ করছে।ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেন, জন্মহার কমতে থাকলে একপর্যায়ে সব দেশেই এই সুযোগ তৈরি হয়। তবে এই সুযোগ চিরস্থায়ী নয়। শেষ পর্যন্ত জনসংখ্যায় বৃদ্ধের অনুপাত বাড়লে বয়সকাঠামো অর্থনীতির অনুকূলে থাকে না। সে কারণে জাপান ও পশ্চিম ইউরোপের দেশগুলোতে সামাজিক নিরাপত্তা খরচ বেশি। তিনি বলেন, চীন ইতিমধ্যে এই সুযোগ পার করেছে। ভারত সুযোগের সময়ের মাঝামাঝি আছে। আর বাংলাদেশে সময়ের শুরু। তবে বর্তমান পঞ্চবার্ষিক পরিকল্পনায় এই সুযোগের বিষয়ে কিছু বলা নেই।কিম স্ট্রিডফিল্ড বলেন, নির্ভরশীলতার হার নিয়ে যখন কথা বলা হয় তখন ধরে নেওয়া হয় কর্মক্ষম জনগোষ্ঠীর সবাই উৎপাদনের সঙ্গে জড়িত। কিন্তু বাংলাদেশে কর্মক্ষম জনগোষ্ঠীর একটি বড় অংশ বেকার বা প্রচ্ছন্ন বেকার।পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপ (২০১০) প্রতিবেদন বলছে, প্রতিবছর ১৮ লাখ মানুষ শ্রমশক্তিতে যোগ হচ্ছে। দেশে বেকার মানুষের সংখ্যা ২৬ লাখ। এই হার বাড়ছে। ২০০৫-০৬ সালে বেকারত্বের হার ছিল ৪ দশমিক ৩ শতাংশ। ২০১০ সালে তা বেড়ে ৪ দশমিক ৫ শতাংশে দাঁড়ায়। প্রতিবেদনে বলা হচ্ছে, পারিবারিক কাজে ১৫ ঘণ্টার কম সময় দেয় এমন জনগোষ্ঠীকে হিসাবে নিলে বাংলাদেশে বেকারত্বের হার ১৪ দশমিক ১৬ শতাংশ।২০০৫-০৬ সালে বাংলাদেশে শ্রমশক্তি ছিল চার কোটি ৯৫ লাখ। ২০১০ সালে শ্রমশক্তি বেড়ে দাঁড়ায় পাঁচ কোটি ৬৭ লাখে। এই সময়ে শ্রমশক্তি বৃদ্ধির হার ৩ দশমিক ৩৯ শতাংশ। অন্যদিকে জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৩৭ শতাংশ।ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিতে হবে। শ্রমিকের উৎপাদনশীলতা বাড়াতে হবে। দক্ষ শ্রমিক বিদেশে পাঠিয়ে প্রবাসী-আয় আরও অনেক বাড়ানো সম্ভব। একই সঙ্গে ঝুঁকির আশঙ্কাও করেছেন এই অর্থনীতিবিদ। তিনি বলেন, তরুণ জনগোষ্ঠী শ্রমবাজারে ঢুকতে না পারলে, কাজ না পেলে অসন্তোষ তৈরি হবে। বিপুলসংখ্যক তরুণের অসন্তোষ থেকে সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে। তার নেতিবাচক প্রভাব পড়তে পারে অর্থনীতি ও রাজনীতির ওপর।