দেশে ঋণখেলাপি এক লাখ ২২ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে দেশে ঋণখেলাপির সংখ্যা এক লাখ ২২ হাজার ৪৩৭ জন। চলতি বছরের মার্চ পর্যন্ত ব্যাংক খাতে খেলাপি ঋণ-বিষয়ক বিচারাধীন মামলার সংখ্যা ৩২ হাজার ৪৪০টি।আজ রোববার সংসদে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন।বিএনপির সাংসদ রেহানা আক্তারের এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মোট ৪৭টি ব্যাংক থেকে ঋণখেলাপিরা এসব ঋণ গ্রহণ করেছেন। সর্বোচ্চ ২৯ হাজার ২০৩ জন ঋণখেলাপি আছেন ব্র্যাক ব্যাংকে। এ ছাড়া উল্লেখযোগ্য ঋণখেলাপি আছেন অগ্রণী ব্যাংকে সাত হাজার ৯২৩ জন, সোনালী ব্যাংকে সাত হাজার ৭৮১ জন, জনতা ব্যাংকে চার হাজার ৯৪১ জন, রূপালি ব্যাংকে তিন হাজার ৯১৪ জন, কৃষি ব্যাংকে সাত হাজার ৭৪ জন এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ২০ হাজার পাঁচজন।এর আগে আজ বেলা ১১টায় ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।ফজিলাতুন নেসা বাপ্পির এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেছেন, চলতি বছরের ১৪ জুন পর্যন্ত বাংলাদেশ ফান্ড পুঁজিবাজারে এক হাজার ৪৭২ কোটি টাকা বিনিয়োগ করেছে। মন্ত্রী আরও বলেন, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে ও বাজার স্থিতিশীল করতে বাংলাদেশ ফান্ড গঠন করা হয়েছে। আইসিবি, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, সাধারণ বীমা করপোরেশন ও জীবন বীমা করপোরেশন এই ফান্ডের উদ্যোক্তা।এ কে এম মাইদুল ইসলামের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রতিবেদন অনুযায়ী কয়েকটি তফশিলি ব্যাংকের সঙ্গে ইউনিপেটুইউর লেনদেন সন্দেহজনক। এই প্রতিবেদনের ভিত্তিতে ইউনিপেটুইউর মালিক ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট হিসাবগুলো মানিলন্ডারিং আইনের আওতায় স্থগিত করা হয়েছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বিএফআইইউর প্রতিবেদনসহ অন্যান্য দলিলাদি দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাঠানো হয়েছে।মন্ত্রী আরও বলেন, বিএফআইইউর প্রতিবেদন অনুযায়ী লেনদেন সন্দেহজনক হওয়ায় ডেসটিনির বিভিন্ন ব্যাংক হিসাবও স্থগিত করা হয়েছে। যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য এই প্রতিবেদনটিও দুদকে পাঠানো হবে।