দেশে ঋণখেলাপির সংখ্যা এক লাখ ২২ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে দেশে ঋণখেলাপির সংখ্যা এক লাখ ২২ হাজার ৪৩৭ জন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি জানান, চলতি বছরের মার্চ পর্যন্ত ব্যাংক খাতে খেলাপি ঋণবিষয়ক বিচারাধীন মামলার সংখ্যা ৩২ হাজার ৪৪০টি।জাতীয় সংসদে গতকাল রোববার টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে বিএনপির রেহানা আক্তারের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব তথ্য জানান। তিনি বলেন, মোট ৪৭টি ব্যাংক থেকে ঋণখেলাপিরা এসব ঋণ নিয়েছেন। সর্বোচ্চ ২৯ হাজার ২০৩ জন ঋণখেলাপি আছেন ব্র্যাক ব্যাংকে। এ ছাড়া উল্লেখযোগ্য ঋণখেলাপি আছেন অগ্রণী ব্যাংকে সাত হাজার ৯২৩ জন, সোনালী ব্যাংকে সাত হাজার ৭৮১, জনতা ব্যাংকে চার হাজার ৯৪১, রূপালী ব্যাংকে তিন হাজার ৯১৪, কৃষি ব্যাংকে সাত হাজার ৭৪ এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ২০ হাজার পাঁচজন।বেলা ১১টায় ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরুর পর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। আওয়ামী লীগের ফজিলাতুন নেসা বাপ্পির প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ১৪ জুন পর্যন্ত বাংলাদেশ ফান্ড পুঁজিবাজারে এক হাজার ৪৭২ কোটি টাকা বিনিয়োগ করেছে। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে এবং বাজার স্থিতিশীল করতে বাংলাদেশ ফান্ড গঠন করা হয়েছে। আইসিবি, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, সাধারণ বীমা করপোরেশন এবং জীবন বীমা করপোরেশন এই ফান্ডের উদ্যোক্তা। এই ফান্ডের ইউনিট বিক্রির কাজ ২০১১ সালের ১০ অক্টোবর শুরু হয়।এ কে এম মাইদুল ইসলামের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রতিবেদন অনুযায়ী, কয়েকটি তফসিলি ব্যাংকের সঙ্গে ইউনিপেটুইউর লেনদেন সন্দেহজনক। এই প্রতিবেদনের ভিত্তিতে ইউনিপেটুইউর মালিক ও তাঁদের স্বার্থসংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলো মানি লন্ডারিং আইনের আওতায় স্থগিত করা হয়েছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বিএফআইইউর প্রতিবেদনসহ অন্যান্য দলিল দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়েছে। তিনি জানান, বিএফআইইউর প্রতিবেদন অনুযায়ী লেনদেন সন্দেহজনক হওয়ায় ডেসটিনির বিভিন্ন ব্যাংক হিসাবও স্থগিত করা হয়েছে। যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য এ প্রতিবেদনও দুদকে পাঠানো হবে।মুঠোফোনের গ্রাহক বেড়েছে চার কোটি ৭৪ লাখ: ফরিদুন্নাহার লাইলীর প্রশ্নের জবাবে টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ জানান, গত সাড়ে তিন বছরে মুঠোফোনের গ্রাহকসংখ্যা বেড়েছে চার কোটি ৭৪ লাখ। একই সময়ে টেলিটকের গ্রাহকসংখ্যা বেড়েছে প্রায় চার লাখ। মাহমুদ-উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি জানান, চলতি অর্থবছরের ৩০ মে পর্যন্ত বিটিআরসি গ্রামীণফোন থেকে এক হাজার ৪১২ কোটি টাকার রাজস্ব আয় করেছে।