দেশে এখন খাদ্য নিয়ে কোনো হাহাকার নেই: খাদ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মো. আবদুর রাজ্জাক বলেছেন, দেশে এখন খাদ্যদ্রব্য নিয়ে কোনো হাহাকার নেই, জিনিসপত্রের দামও কমতির দিকে। আজ শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় পরিচালিত পুকুর ও জলাশয় পুনঃখনন কর্মসূচি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে কেউ অভুক্ত থাকেনি। কেউ না খেয়ে মারা যায়নি। দেশের দরিদ্র মানুষের জন্য কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় ২১ লাখ টন খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আরও ২৬ লাখ টন খাদ্যশস্য বিতরণের উদ্যোগ নিয়েছে। মঙ্গা ও দুর্ভিক্ষপীড়িত এলাকায় দিনমজুরদের ৪০ দিনের কাজের আওতায় এনে তাদের মধ্যে ৬০০ কোটি টাকা বিতরণ করা হয়েছে।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির বলেন, কৃষিজমি ও জলাধার ভরাট করে আবাস গৃহনির্মাণের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য জলাধারের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। বিশ্ববিদ্যালয়ের সীমিত অর্থ দিয়ে সংস্কার কার্যক্রম পরিচালনা করা দুরূহ।পরে খাদ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয় ক্লাবসংলগ্ন পুকুর ও বিশমাইলের জলাশয় পুনঃখননের কাজ পরিদর্শন করেন এবং কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।