দেশে এখন গণতান্ত্রিক সরকার নেই: মির্জা ফখরুল
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এখন গণতান্ত্রিক সরকার নেই। দেশ চালাচ্ছে ফ্যাসিবাদী ও স্বৈরাচারী সরকার। কঠোর আন্দোলনের মধ্য দিয়ে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে হবে।আজ সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত ‘স্বৈরাচার, ফ্যাসিবাদ ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক গোলটেবিল বৈঠকে মির্জা ফখরুল এ কথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব অভিযোগ করেন, স্বাধীনতা-পরবর্তী সময়ের মতো এখন সারা দেশে আবার মানুষ খুন-গুমের ঘটনা ঘটছে। বিরোধী দলের নেতা-কর্মীদের গুপ্ত হত্যা, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও পিটিয়ে হত্যা করে নিশ্চিহ্ন করার চক্রান্ত চলছে। কেবল ক্ষমতায় থাকার জন্য বর্তমান সরকার ভারতের সঙ্গে বিভিন্ন চুক্তি করেছে বলে তিনি মন্তব্য করেন। চাষী নজরুল ইসলামের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে অন্যান্যের মধ্যে নিউজ টুডে-এর সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ, সাংবাদিক এরশাদ মজুমদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মুস্তাহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।