দেশে এনে মান্নান ভূঁইয়াকে স্কয়ার হাসপাতালে ভর্তি
বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়াকে গুরুতর অসুস্থ অবস্থায় দেশে ফিরিয়ে এনে আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। মান্নান ভূঁইয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুর থেকে সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঢাকায় এসে পৌঁছায়। বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সযোগে তাঁকে স্কয়ার হাসপাতালের গভীর পর্যবেক্ষণ ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। তাঁর অবস্থা সংকটাপন্ন।সাবেক মন্ত্রী মান্নান ভূঁইয়া ফুসফুসের চিকিত্সার জন্য গত ৩১ মে সিঙ্গাপুরে গিয়েছিলেন। সর্বশেষ তিনি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে সিসিইউয়ে চিকিত্সাধীন ছিলেন। স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে না পারায় এক সপ্তাহ ধরে তাঁকে কৃত্রিম উপায়ে অক্সিজেন দেওয়া হচ্ছে।আবদুল মান্নান ভূঁইয়ার ব্যক্তিগত চিকিত্সক বজলুল করিম ভূঁইয়া সাংবাদিকদের জানান, সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় এনে সোজা তাঁকে স্কয়ার হাসপাতালের সিসিইউতে রাখা হয়েছে।পরিবারের সদস্যরা জানান, ফুসফুসের ক্যান্সারের চিকিত্সার জন্য তাঁর দেহে মোট আটটি কেমোথেরাপি দেওয়া হয়। মান্নান ভূঁইয়ার স্ত্রী অধ্যাপক মরিয়ম বেগম তাঁর স্বামীর আরোগ্যের জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন।মান্নান ভূঁইয়ার সঙ্গে থাকা ছেলে ভূঁইয়া নন্দিত নাহিয়ান প্রথম আলোকে জানান, তাঁর বাবার অবস্থা অপরিবর্তিত রয়েছে। কৃত্রিম উপায়ে তিনি অক্সিজেন গ্রহণ করছেন। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের চিকিত্সকদের পরামর্শে মান্নান ভূঁইয়াকে দেশে নিয়ে আসা হয়েছে।২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার আগ মুহূর্তে মান্নান ভূঁইয়াকে দল থেকে বহিষ্কার করেন। নবম সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করেন।