দেশে কমিউটার ট্রেনের উদ্বোধন কাল
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ডিইএমইউ) কমিউটার ট্রেন চালুর মধ্য দিয়ে বাংলাদেশ রেলওয়েতে চালু হচ্ছে নতুন ধরনের যাত্রীবাহী ট্রেন। কাল বুধবার কমলাপুর রেলওয়ে স্টেশনে আনুষ্ঠানিকভাবে এই কমিউটার ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাসসের।বাংলাদেশ রেলওয়ের প্রকল্প পরিচালক সাইদুর রহমান জানান, ২০১১ সালের ৪ আগস্ট ২০ সেট ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট বা ডেমু ট্রেন আমদানির জন্য চীনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়। তিনি বলেন, ‘২০ সেট ডেমু কমিউটার ট্রেনের মধ্যে ইতোমধ্যে আট সেট দেশে এসে পৌঁছেছে। ছয় সেট আগামী মে মাসের প্রথম সপ্তাহে এবং অপর ছয় সেট আগামী জুনে দেশে এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।’বাসস জানায়, তিন ইঞ্জিন বিশিষ্ট এই কমিউটার ট্রেনগুলোর উভয় পাশে ইঞ্জিন রয়েছে। প্রতিটি কমিউটার ট্রেনে ৩০০ যাত্রী যেতে পারবেন। এই ট্রেনের মধ্যেই ডিজেল মেশিন থেকে বিদ্যুত্ তৈরি হবে এবং তাতে চলবে এই ডেমু ট্রেন। ট্রেনটি প্রতি ঘণ্টায় ৮০ কিলোমিটার গতিতে চলতে পারে।বাংলাদেশ রেলওয়ের পরিচালক (ট্রাফিক) জানান, প্রথমে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে এই ট্রেন চলবে। সব স্টেশনে এই ট্রেন থামবে আর ঢাকা-নারায়ণগঞ্জের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা।রেলওয়ে সূত্র জানায়, ডেমু কমিউটার ট্রেন ঢাকা বিভাগ ছাড়াও চট্টগ্রাম ও লালমনিরহাট বিভাগের বিভিন্ন রুটে পরিচালনা করা হবে।