দেশে কমিউনিটি রেডিও আসছে শিগগিরই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ জনগোষ্ঠীর কাছে তাদের প্রয়োজনীয় তথ্য পৌঁছে দিতে বাংলাদেশে প্রথমবারের মতো কমিউনিটি রেডিও আসছে। সরকারি অনুমোদনপ্রাপ্ত ১৪টির মধ্যে পাঁচটি কেন্দ্র চলতি মাসেই আনুষ্ঠানিক সম্প্রচারে যাচ্ছে। এর মধ্যে দুটি কেন্দ্র মে মাস থেকে পরীক্ষামূলক সম্প্রচার শুরু করেছে। সেপ্টেম্বরের মধ্যে পর্যায়ক্রমে বাকি নয়টি সম্প্রচারে যাওয়ার কথা রয়েছে। সূত্র জানায়, গ্রামের মানুষের কাছে তথ্য পৌঁছাতে দেশের বিভিন্ন এলাকায় ১৪টি কমিউনিটি রেডিওর অনুমোদন দিয়েছে সরকার। এসব বেতারকেন্দ্র দেশের উপকূলবর্তী অঞ্চল এবং অনগ্রসর জনপদ থেকে সম্প্র্রচার কার্যক্রম চালাবে। সংশ্লিষ্ট অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে সচেতনতা বাড়ানোই কমিউনিটি রেডিওর প্রধান লক্ষ্য। দেশের ১৩টি বেসরকারি প্রতিষ্ঠান ও একটি সরকারি প্রতিষ্ঠান অলাভজনক ভিত্তিতে কেন্দ্রগুলো পরিচালনা করবে। তথ্য মন্ত্রণালয়ের কমিউনিটি রেডিও নিয়ন্ত্রণকারী কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, কমিউনিটি রেডিও দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত করবে। পিছিয়ে পড়া অঞ্চলের মানুষকে সচেতন করবে। এ বেতারকেন্দ্রগুলোর মাধ্যমে তথ্যপ্রবাহের সঙ্গে গ্রামীণ পর্যায়ের মানুষের সম্পৃক্ততা বাড়বে। এই কেন্দ্রগুলো দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে মানুষের বেশি কাজে আসবে। তিনি জানান, দুই থেকে তিন মাসের মধ্যে সবগুলো কেন্দ্র চালু হবে। একটি কেন্দ্র থেকে ১৪ কিলোমিটারের মধ্যে যেকোনো রেডিওতে এর অনুষ্ঠান শুনতে পারবে শ্রোতারা। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, অলাভজনক প্রতিষ্ঠানের মাধ্যমে কমিউনিটি রেডিওর সম্প্রচার কার্যক্রম পরিচালিত হবে। মালিকানায় কোনো ব্যক্তি থাকবে না। এ রেডিওর সম্প্রচার অনুষ্ঠানসূচিতে কমিউনিটি শিক্ষা, স্বাস্থ্য ও সমাজ, নারীর অধিকার, গ্রামীণ ও এলাকাভিত্তিক উন্নয়ন, পরিবেশ, আবহাওয়া ও সাংস্কৃতিক বিষয় অন্তর্ভুক্ত থাকবে। সম্প্রচারের ক্ষেত্রে স্থানীয় জনগোষ্ঠীকে প্রাধান্য দেওয়া হবে। জানা গেছে, কমিউনিটি রেডিও কেন্দ্রের অনুমোদন পাওয়ার শর্ত হচ্ছে, একে বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না। এ ধরনের রেডিও সম্প্রচার কার্যক্রম শুধু বিজ্ঞাপননির্ভর হবে না। তবে কমিউনিটি রেডিও চালু রাখার সুবিধার্থে উন্নয়ন ও সেবামূলক বিজ্ঞাপন প্রচার করা যাবে। এসব শর্ত কেউ অমান্য করছে কি না, তা তথ্য মন্ত্রণালয় তদারক করবে। জানা গেছে, ১৪টির মধ্যে ১৩টি কেন্দ্র চালাবে ১৩টি এনজিও। এর মধ্যে আছে: আরডিআরএসের ‘রেডিও চিলমারী’, ল্যান্ডলেস ডিস্ট্রেসড রিহ্যাবিলিটেশন অর্গানাইজেশনের ‘রেডিও মুক্তি’, নওগাঁ হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ‘বরেন্দ্র রেডিও’, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ‘রেডিও মহানন্দা’, সেন্টার ফর কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্টের ‘রেডিও পদ্মা’, সৃজনী বাংলাদেশের ‘রেডিও ঝিনুক’, নলতা হসপিটাল অ্যান্ড কমিউনিটি হেলথ ফাউন্ডেশনের ‘রেডিও নলতা’, ব্রডকাস্টিং এশিয়ার ‘রেডিও সুন্দরবন’, ম্যাসলাইন মিডিয়া সেন্টারের ‘লোকবেতার’, অ্যালায়েন্স ফর কো-অপারেশন অ্যান্ড লিগ্যাল এইড বাংলাদেশের ‘রেডিও নাফ’, ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনের ‘রেডিও সাগরগিরি’, এনভায়রনমেন্ট কাউন্সিল বাংলাদেশের ‘রেডিও বিক্রমপুর’ এবং ব্র্যাকের ‘রেডিও পল্লীকণ্ঠ’। ‘কমিউনিটি রুরাল রেডিও’ নামের বাকি কেন্দ্রটি চালাবে কৃষি মন্ত্রণালয়।কর্মকর্তারা বলেছেন, কেন্দ্রগুলো স্থাপনের জন্য দেশের অবহেলিত ও পিছিয়ে পড়া অঞ্চল বেছে নেওয়া হয়েছে। কুড়িগ্রামের চিলমারী, বগুড়া সদর, নওগাঁ সদর, চাঁপাইনবাবগঞ্জ সদর, রাজশাহী সদর, ঝিনাইদহ সদর, সাতক্ষীরার নলতায়, খুলনার কয়রায়, বরগুনা সদর ও আমতলী, কক্সবাজারের টেকনাফ, চট্টগ্রামের সীতাকুন্ড, মুন্সিগঞ্জ সদর এবং মৌলভীবাজার সদরে বসছে এসব কেন্দ্র। উপকূলীয় জেলা বরগুনা সদরে কমিউনিটি রেডিও লোকবেতারের পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়েছে জানিয়ে এমএমসির নির্বাহী পরিচালক কামরুল হাসান মঞ্জু প্রথম আলোকে বলেন, ‘এ রেডিও প্রান্তিক পর্যায়ে তথ্যশূন্যতা দূর করবে। মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় তথ্য প্রচার করবে এ রেডিও। এর ফলে মানুষের মাঝে নানা বিষয়ে সচেতনতা বাড়বে।’ উত্তরাঞ্চলের পিছিয়ে পড়া জনপদ কুড়িগ্রামের চিলমারীতে রেডিও চিলমারী স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলেছে জানিয়ে আরডিআরএসের যোগাযোগ ব্যবস্থাপক সাবরিনা শারমিন প্রথম আলোকে বলেন, ‘কমিউনিটি পর্যায়ে প্রথমবারের মতো এই রেডিও স্থাপনে কিছুটা সমস্যা হয়েছে। আমরা কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেব। এ ছাড়া শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়নসহ সংশ্লিষ্ট বিষয়গুলো সম্প্রচারসূচিতে থাকবে।’ কমিউনিটি রেডিও কেন্দ্র স্থাপনকারী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিষয়টি নতুন হওয়ায় যন্ত্রপাতি কেনা থেকে শুরু করে তাঁরা নানা ধরনের সমস্যায় পড়ছেন। প্রশিক্ষণপ্রাপ্ত লোকবলের অভাব রয়েছে তাঁদের। তবে তাঁদের প্রশিক্ষণ দিয়ে সহায়তা করছে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। এ পর্যন্ত ২০০ জনকে তারা প্রশিক্ষণ দিয়েছে। দেশে এ পর্যন্ত তিন ধরনের রেডিও চালু ছিল। সরকারিভাবে বাংলাদেশ বেতার, বেসরকারিভাবে বাণিজ্যিক রেডিও এবং আন্তর্জাতিক রেডিও (বিবিসি, ভয়েস অব আমেরিকা ইত্যাদি)। এ ক্ষেত্রে কমিউনিটি রেডিও নতুন সংযোজন। বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এখানে অনেক সম্ভাবনা রয়েছে। বাণিজ্যিকভাবে পরিচালিত রেডিও স্টেশনগুলোতে দক্ষ লোকবলের অভাব রয়েছে। এ সংকট কাটাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ জন্য আমরা বিভিন্ন পরিকল্পনা করছি। কমিউনিটি রেডিওর সম্ভাবনার বিষয়গুলো সবাইকে বিবেচনায় রাখতে হবে।’