দেশে কল্যাণকর কাজে রাজনৈতিক উদ্দেশ্য খোঁজা হয়: তারানা হালিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদ ও অভিনেত্রী তারানা হালিম বলেছেন, ‘আমাদের দেশে শুভ ও কল্যাণকর কোনো কাজ হলে প্রতি পদে পদে সেটি প্রশ্নবিদ্ধ হয়। তাতে ষড়যন্ত্র ও রাজনৈতিক উদ্দেশ্য খোঁজা হয়।’ আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ঐক্যবদ্ধ পরিবারবর্গ আয়োজিত মানববন্ধন শেষে তিনি এ কথা বলেন। তারানা হালিম বলেন, ‘সম্প্রতি সড়ক দুর্ঘটনা নিয়ে যে সামাজিক আন্দোলন গড়ে উঠেছে, তাতে রাজনৈতিক উদ্দেশ্য খোঁজাতে আমরা আহত হয়েছি। এটি সামাজিক আন্দোলন।’ তিনি আরও বলেন, প্রশিক্ষণ নেই এমন ২০ হাজার ব্যক্তিকে লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। এর আগে এমন ১০ হাজার ব্যক্তিকে লাইসেন্স দেওয়া হয়েছিল। তিনি এসব লাইসেন্স বাতিলের দাবি জানান। এ ব্যাপারে প্রধানমন্ত্রী ঘোষণা দেবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।সকাল সাড়ে ১০টা থেকে বেলা পৌনে ১২টা পর্যন্ত মানববন্ধনটি হয়। সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, পুলিশের সাবেক মহাপরিদর্শক আবদুর রহিম খান, ছাত্র-শিক্ষক-পেশাজীবী-জনতার পক্ষে সাগর লোহানীসহ অনেকেই এ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেন। প্রসঙ্গত, তারানা হালিম সড়ক দুর্ঘটনায় নিহত সাইফ আহমেদ অর্ণবের খালা।