দেশে কারিগরি শিক্ষার সামাজিক স্বীকৃতি নেই: শিক্ষামন্ত্রী
দেশে কারিগরি শিক্ষার সামাজিক স্বীকৃতি নেই বলে আক্ষেপ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘দেশে সাধারণ শিক্ষার মতো কারিগরি শিক্ষার সামাজিক স্বীকৃতি নেই। তবে বাস্তব জীবনে কারিগরি শিক্ষার বিকল্প নেই। কারিগরি শিক্ষা ছাড়া অন্য সব শিক্ষা অনর্থক হবে।’আজ শনিবার সকালে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০১০ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা শেষে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী এ কথা বলেন। শোভাযাত্রাটি শাহবাগের জাতীয় জাদুঘর থেকে শুরু হয়ে মত্স্য ভবন ও হাইকোর্ট হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে শিক্ষামন্ত্রী বলেন, ‘যে শিক্ষা পেশাদারিত্বের ক্ষেত্রে এবং বাস্তব জীবনে কাজে লাগানো যায় না, সে শিক্ষার কোনো দাম নেই। তরুণ প্রজন্মকে যদি কারিগরি শিক্ষা দেওয়া না যায়, তবে কর্মক্ষেত্রে গিয়ে তারা ভালো করতে পারবে না।’ শিক্ষামন্ত্রী বলেন, জিডিটাল বাংলাদেশ গড়তে হলে তরুণ প্রজন্মকে আরও দক্ষ করে গড়ে তোলতে হবে। তাদের কারিগরি জ্ঞান বাড়াতে হবে। এ জন্য কারিগরি ও সাধারণ শিক্ষার মধ্যে সমন্বয় থাকতে হবে।