সারা দেশে প্রায় তিন কোটি মানুষ কৃষিকাজের সঙ্গে জড়িত। আর কৃষিজমির পরিমাণ এক কোটি ৯০ লাখ ৯৮ হাজার একর।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত সর্বশেষ কৃষিশুমারি ২০০৮-এর প্রাথমিক ফলাফলে এই চিত্র উঠে এসেছে।গতকাল বুধবার কৃষিশুমারির ওপর আয়োজিত এক সেমিনারে এসব তথ্য প্রকাশ করা হয়। বিশ্ব পরিসংখ্যান দিবস উপলক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সেমিনারের আয়োজন করে। এ সময় কৃষিশুমারির মূল তথ্যগুলো তুলে ধরেন প্রকল্প পরিচালক জাফর আহমেদ খান। ২০০৭ সালের জুলাই মাস থেকে এই কৃষিশুমারির কাজ শুরু হয়েছে। তবে এখনো ফলাফল চূড়ান্ত করা হয়নি।কৃষিশুমারি অনুযায়ী, সারা দেশে দুই কোটি ৯৬ লাখ ৬১ হাজার মানুষ কৃষিকাজে নিয়োজিত। এর মধ্যে পল্লি এলাকার দুই কোটি ৯৪ লাখ ৪২ হাজার, যা মোট কৃষিজীবীর ৯৯ দশমিক ৩ শতাংশ। আর শহর এলাকায় মাত্র দুই লাখ ১৮ হাজার মানুষ কৃষিকাজে জড়িত। কৃষিকাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের মধ্যে পুরুষের সংখ্যা দুই কোটি ১৫ লাখ ৯৫ হাজার, আর নারী ৮০ লাখ ৬৬ হাজার। মোট কৃষিজীবীদের ৭২ দশমিক ৮ শতাংশই পুরুষ।এ ছাড়া সারা দেশে এক কোটি ৯০ লাখ ৮০ হাজার একর আবাদযোগ্য জমি রয়েছে। এর মধ্যে কৃষিকাজে ব্যবহূত হচ্ছে এক কোটি ৯০ লাখ ৭১ হাজার একর জমি, যা মোট আবাদি জমির ৯৯ দশমিক ৯ শতাংশ। আর অকৃষিকাজে ব্যবহূত হচ্ছে ২৭ হাজার একর জমি, যা মোট আবাদি জমির দশমিক ১ শতাংশ।১৯৯৬ সালে পরিচালিত কৃষিশুমারির সঙ্গে সর্বশেষ কৃষিশুমারি ২০০৮-এর ফলাফল পর্যালোচনা করলে দেখা যায়, পাট, তুলা, আখ ও তামাক চাষে উৎসাহ কমেছে। নতুন জরিপ অনুযায়ী, ১০ লাখ ৭৯ হাজার একর জমিতে পাটের চাষ হচ্ছে, আর ১৯৯৬ সালে চাষ হতো ১২ লাখ ৯৭ হাজার জমিতে। আবার ১১ হাজার একর জমিতে এখন তুলার চাষ হয়, ১৯৯৬ সালে তা হতো ২৩ হাজার একর জমিতে। তিন লাখ ২৯ হাজার একর জমির বিপরীতে এখন আখ চাষ হয় দুই লাখ ১৮ হাজার একর জমিতে। অন্যদিকে বর্তমানে তামাক চাষ হয় ৮১ হাজার একর জমিতে, ১৯৯৬ সালে এর পরিমাণ ছিল এক লাখ ৪৩ হাজার একর।একই পর্যালোচনায় আরও দেখা যায়, বোরো ধান ও শাকসবজি চাষে বেশ উৎসাহ বেড়েছে। এখন ৯৯ লাখ ৭৯ একর জমিতে বোরো ধানের চাষ হয়, ১৯৯৬ সালে হতো ৬১ লাখ ৩৭ হাজার একর জমিতে। বোরো ধান চাষের জমির পরিমাণ বেড়েছে প্রায় ৬২ দশমিক ৬ শতাংশ। বর্তমানে ১৫ লাখ ৩৭ হাজার একর জমিতে শাকসবজির চাষ হয়। ১৯৯৬ সালে মাত্র নয় লাখ ৯৭ হাজার একর জমিতে শাকসবজির চাষ হতো।কৃষিশুমারির সেমিনারে সভাপতিত্ব করেন বিবিএসের মহাপরিচালক শাহজাহান আলী মোল্লা। এতে বক্তব্য দেন পরিসংখ্যান বিভাগের সচিব রীতি ইব্রাহীম, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রতিনিধি এড স্পাইকার্স, বিবিএসের সাবেক মহাপরিচালক ওয়ালিউল ইসলাম, এফএওর ব্যাংকক কার্যালয়ের জ্যেষ্ঠ পরিসংখ্যানবিদ জেইরো ক্যাসটানো প্রমুখ।রীতি ইব্রাহীম বলেন, বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ, তাই কৃষিশুমারির তথ্য-উপাত্ত নীতিনির্ধারণে বিশেষ ভূমিকা রাখবে। এড স্পাইকার্স বলেন, চীন কৃষিশুমারির তথ্য-উপাত্তকে ভিত্তি ধরে কৃষি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। বাংলাদেশও একই পথে এগিয়ে যেতে পারে।