দেশে গ্যাসের মজুদ ১০.৮ ট্রিলিয়ন ঘনফুট: প্রতিমন্ত্রী
দেশে বর্তমানে উত্তোলনযোগ্য ১০ দশমিক ৮ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ রয়েছে। বর্তমানে দেশে গ্যাসের চাহিদা দৈনিক ২৫০০ মিলিয়ন ঘনফুটের বেশি। এ চাহিদার বিপরীতে সর্বোচ্চ ২০২০ মিলিয়ন ঘনফুট পর্যন্ত গ্যাস সরবরাহ সম্ভব হয়েছে। সে হিসেবে বর্তমানে গ্যাস সরবরাহ ঘাটতি প্রায় দৈনিক ৫০০ মিলিয়ন ঘনফুটেরও বেশি।আজ রোববার জাতীয় সংসদে সাংসদ মোশতাক আহমেদ রুহীর এক প্রশ্নের জবাবে বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক এ তথ্য জানান।প্রতিমন্ত্রী বলেন, নতুন কূপখনন ও বিদ্যমান কূপের ওয়ার্কওভার সম্পন্ন করে ২০১৫ সালের মধ্যে গ্যাসের উত্পাদন দৈনিক ২৮০০ মিলিয়ন ঘনফুট বাড়ানোর কাজ চলছে।অন্য এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দেশে এ পর্যন্ত ২৩টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। নতুন করে গ্যাস কয়লাসহ খনিজ সম্পদ অনুসন্ধানের জন্য সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে।প্রতিমন্ত্রী আরও জানান, বাপেক্সের মাধ্যমে ২ডি এবং ৩ডি সিসমিক জরিপসহ গ্যাস অনুসন্ধানের কাজ চলছে। সম্প্রতি গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য কনকোফিলিপসের সঙ্গে উত্পাদন বণ্টন চুক্তি সই করেছে পেট্রোবাংলা। দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চলে পাঁচটি কয়লা ক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।অপু উকিলের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে সারা দেশে ২৯টি জেলা গ্যাস সরবরাহ নেটওয়ার্কের আওতায় রয়েছে।অন্য এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, গ্যাসের উত্পাদন বাড়ানোর লক্ষ্যে সরকার এরই মধ্যে স্বল্পমেয়াদি কর্মসূচি বাস্তবায়নে দৈনিক ২৮৪ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্পাদন বেড়েছে। এ ছাড়া মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মসূচির মধ্যে ২০১৫ সালের ডিসেম্বর নাগাদ গ্যাসের উত্পাদন দৈনিক ২৮০০ মিলিয়ন ঘনফুট বাড়ানোর পরিকল্পনা সরকারের রয়েছে।জাতীয় পার্টির এম এ জব্বারের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি তেলের মজুদ বাড়াতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ১০টি প্রকল্প নিয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় সাড়ে তিন লাখ মেট্রিক টন জ্বালানি তেলের মজুদ বাড়বে।এ ছাড়া বিপিসি নিজস্ব অর্থায়নে প্রায় ৯১ হাজার মেট্রিক টন জ্বালানি তেলের মজুদ ক্ষমতা বাড়ানোর কার্যক্রম চলছে।এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের সরকারি ও বেসরকারি সংস্থার কাছে বিদ্যুতের বিল বাবদ চলতি মাসের বিলসহ ১২৬ কোটি টাকা বকেয়া রয়েছে। বকেয়ার মধ্যে ৫১ কোটি টাকা সরকারি ও ৭৫ কোটি টাকা আধা সরকারি প্রতিষ্ঠানের। এর মধ্যে পৌরসভা ও সিটি করপোরেশন রয়েছে।