দেশে চরম বিপর্যস্ত অবস্থা বিরাজ করছে: মির্জা ফখরুল
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখনকার মতো খারাপ অবস্থা দেশে আর কখনো হয়নি। দেশে এখন এক চরম বিপর্যস্ত অবস্থা বিরাজ করছে। একদিকে চালের দাম ৫০ টাকা হওয়ায় মানুষের নাভিশ্বাস অবস্থা হয়েছে। অন্যদিকে নিরাপত্তাহীনতার চরম অবস্থার মধ্যে ক্রসফায়ারে মানুষ মরছে।জিয়াউর রহমানের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশি জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র ও রাষ্ট্রনেতা জিয়াউর রহমান এবং আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও জিয়া স্মৃতিপদক প্রদান অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। আজ সোমবার জিয়া সাংস্কৃতিক জোট এ অনুষ্ঠানের আয়োজন করে।মির্জা ফখরুল বলেন, একের পর এক ক্রসফায়ারে মানুষ মারা যাচ্ছে। ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলম ২০০ দিন ধরে নিখোঁজ। কেউ জানে না তাঁর কী অবস্থা। দেশে আজ কারও কোনো নিরাপত্তা নেই। এই দুঃশাসন থেকে দেশকে রক্ষা করার দায়িত্ব সবার। জিয়াউর রহমানের কর্মময় জীবনের স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘শাহরিয়ার কবির বিচিত্রায় জিয়াউর রহমানের প্রশংসা করেছেন, নাসিরউদ্দীন ইউসুফরা জিয়াউর রহমানের বন্দনা করেছেন। আবার যখন দেখি তাঁকে নিয়ে বুদ্ধিজীবীরা কটাক্ষ করছেন, তখন লজ্জা লাগে।’অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ বলেন, ‘যেসব বুদ্ধিজীবী জিয়াউর রহমানকে নিয়ে কটাক্ষ করে কথা বলেন, তাঁদের জন্য আমার উপদেশ, আগে সচেতন হোন। আগে জানুন, এরপর কথা বলুন। বেশ কিছু দিন ধরে কিছু বুদ্ধিজীবী জিয়াউর রহমানকে নিয়ে হীন বক্তব্য দিচ্ছেন। এতে আমি ভয়ংকর লজ্জা পাই।’জিয়া সাংস্কৃতিক জোটের সভাপতি আবদুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু, সাংসদ মুহাম্মদ মোশাররফ হোসেন, গোলাম মোহাম্মদ প্রমুখ বক্তব্য দেন।আলোচনা পর্ব শেষে পাঁচজনকে জিয়া স্মৃতিপদক দেওয়া হয়। পদক তুলে দেন এমাজউদ্দীন আহমদ ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর।