মৈতৈ মণিপুরি ভাষাভাষীদের বসবাস মূলত বাংলাদেশের সিলেট অঞ্চলে। ভাষা পরিবারের দিক থেকে মৈতৈ মণিপুরি তিব্বতি-বর্মী ভাষা-পরিবারের কুকি-চীন গোত্রভুক্ত। জর্জ গ্রিয়ারসন মৈতৈ ভাষাকে ভোট-চীন পরিবারভুক্ত বলে উল্লেখ করেছেন। টি সি হাডসন তাঁর দ্য মৈতৈস বইয়ে মৈতৈ ভাষাকে তিব্বতি-বর্মী ভাষা পরিবারের অন্তর্ভুক্ত করেছেন।মৈতৈ অতি প্রাচীন ভাষা। এ ভাষার নিজস্ব বর্ণমালা আছে। অধিকাংশ গবেষকের মতে, মৈতৈ লিপি ব্রাহ্মী লিপি থেকে উদ্ভূত। ভারতের মণিপুর রাজ্যে মহারাজ পাংখংবার আমলে এ লিপির প্রথম প্রচলন হয়। তখন মৈতৈ ভাষার মোট হরফ ছিল ১৮টি। পরে মহারাজ খাগেম্বার (১৫৯৬-১৬৫১) সময়ে আরও নয়টি হরফ যুক্ত হয়। সপ্তম শতকের একটি ব্রোঞ্জ মুদ্রার ওপর মৈতৈ লিপির প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে। ফলে মৈতৈ লিপির প্রাচীনত্ব সম্পর্কে এখন আর সন্দেহের অবকাশ নেই। মৈতৈ লিপি প্রাচীন হলেও এ পর্যন্ত এই লিপিতে রচিত কোনো প্রাচীন গ্রন্থের সন্ধান মেলেনি।পরে বাংলা লিপিতে মৈতৈ ভাষা লেখার প্রচলন ঘটে। বাংলা হরফে মৈতৈ ভাষায় রচিত গোড়ার দিককার দুটি গ্রন্থ হচ্ছে পুইরেইতন খুনথক ও নুমিত কাপ্পা। ত্রিপুরা রাজ্যে অবশ্য বাংলা ও মৈতৈ দুই লিপিতেই মৈতৈ লেখার প্রচলন আছে। মণিপুরি লিপির একটি বৈশিষ্ট্য হলো, এর প্রতিটি হরফের নাম রাখা হয়েছে মানুষের অঙ্গ-প্রত্যঙ্গের নাম অনুসারে। বাংলা ‘ক’ বর্ণের মণিপুরি প্রতিবর্ণ ‘কোক’। ‘কোক’ মানে ‘মাথা’। ‘স’ এর প্রতিবর্ণ ‘সম’। এর অর্থ ‘চুল’।১৯৯২ সালে মৈতৈ মণিপুরি ভাষাকে ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্তির মাধ্যমে ভারতের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বাংলাদেশে বাংলাদেশ বেতার ও সিলেট কেন্দ্রে ‘মণিপুরী’ নামে একটি সাপ্তাহিক অনুষ্ঠানে মৈতৈ ভাষায় নানা অনুষ্ঠান প্রচারিত হয়। ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে ত্রিপুরা চে নামে মৈতৈ ভাষায় একটি সাপ্তাহিক পত্রিকা বের হয়। দীর্ঘদিন ধরেই মৈতৈ ভাষায় সাহিত্যচর্চা হচ্ছে। মৈতৈ ভাষার কবি খোইরোম কামিনী কুমারগী শৈরেং তাঁর ‘লম্মন তোল্লবনি ঐদি বাংলা ইমাগী মফমদা’ বা ‘ঋণী আমি বাংলা মায়ের কাছে’ কবিতায় বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি অকৃত্রিম অনুরাগ ব্যক্ত করেছেন। কবিতার কয়েকটি লাইন এ রকম: ‘রবীন্দ্রনাথ না ঐগী থাজবা—থম্মোয়গী ঙমখৈনি/ নজরুল ঐগী নুংশিবা—লালহৌনি/ জীবনানন্দনা ঐগী লৈপাকনিঙবা/ দ্বিজেন্দ্রলাল, অতুলপ্রসাদনা ঐগী খোন্থোক্কী ঈশৈ;/ লম্মন তোল্লবনি ঐদি/ বাংলা অমসুং বাংলা ইমাগী মফমদা।’ কবির স্বকৃত অনুবাদে: ‘রবীন্দ্রনাথ আমার প্রত্যয়—হূদয়ের সীমানা/ নজরুল আমার প্রেম—বিদ্রোহ/ জীবনানন্দ আমার দেশপ্রেম,/ দ্বিজেন্দ্রলাল, অতুলপ্রসাদ আমার কণ্ঠের গান।/ ঋণী আমি বাংলা ও বাংলা মায়ের কাছে।’