দেশে জিনিসপত্রের দাম কিছুটা বেশি: ফারুক খান
বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন বর্তমানে দেশে জিনিসপত্রের দাম কিছুটা বেশি। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে এবং মধ্যপ্রাচ্যের সংকটের কারণে ভোজ্যতেলের দামসহ জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে। দাম বাড়ার পরপরই দেশের দরিদ্র মানুষের কথা বিবেচনা করে যথাযথ ওএমএসের মাধ্যমে চাল বিক্রি শুরু করেছি।আজ শুক্রবার দুপুরে মুকসুদপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যাকে থেকে ৫০ শয্যায় উন্নতিকরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বাণিজ্যমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা একটি দুর্বল সরকারব্যবস্থা। এটা বিগত তিনটি তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রমাণিত হয়েছে। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় জেনারেল নাসিমের নেতৃত্বে সামরিক অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল। তখন আওয়ামী লীগ নেতারা দেশবাসীকে সঙ্গে নিয়ে তা ধৈর্য ও সাহসিকতার সঙ্গে মোকাবিলা করেছিল। নির্বাচনে আওয়ামী লীগ সরকার সরকার গঠন করলে বিএনপি বলেছিল, এ নির্বাচন মানি না। ২০০১ সালে বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণের আধা ঘণ্টার মধ্যে ১৩ জন সচিবকে ওএসডি করার মাধ্যমে সিভিলিয়ান ক্যু করেছিলেন।ফারুক খান আরও বলেন, ২০০১ সালে সেই নির্বাচনে বিএনপি-জামায়াত ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতা দখল করে। সারা দেশের সাধারণ মানুষের ওপর, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও নির্যাতন চালিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে। তারা বাংলাদেশে সন্ত্রাসবাদ শুরু করেছিল। তাদের আমলে দেশে একসঙ্গে ৫০০ জায়গায় বোমা হামলা হয়েছিল। এমনকি গাজীপুর ও বরগুনায় আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছিল।মুকসুদপুর হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসিত রঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ রায়হান, উপজেলা চেয়ারম্যান মো. রবিউল আলম সিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান মিয়া, বিএমএয়ের জেলা সভাপতি ডা. শেখ আবিদ হাসান, সাধারণ সম্পাদক ডা. চৌধুরী শফিকুল আলম প্রমুখ।