দেশে টেলিযোগাযোগ উন্নয়নে থ্রিজি প্রযুক্তির পক্ষে টেলিনর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের অধিকাংশ দেশ এরই মধ্যে চতুর্থ প্রজন্মের প্রযুক্তিনির্ভর (ফোর জি) টেলিযোগাযোগ সেবা চালু করেছে। সে হিসেবে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে উন্নয়নের স্বার্থেই তৃতীয় প্রজন্মের প্রযুক্তি (থ্রিজি) এখন অপরিহার্য বলে মন্তব্য করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা জন ফ্রেডরিক বাকসাস। থ্রিজির পাশাপাশি তিনি বাংলাদেশে মোবাইল অপারেটরদের লাইসেন্স নবায়ন বিষয়ে জোর দেওয়ার জন্যে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন। আজ মঙ্গলবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে মোবাইল অপারেটর গ্রামীণফোন আয়োজিত সংবাদ সম্মেলনে টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা এ কথা বলেন। এ সময় গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ওডভার হেশজেডাল ও প্রধান যোগাযোগ কর্মকর্তা কাজী মনিরুল কবির উপস্থিত ছিলেন। থ্রি-জি প্রযুক্তি প্রসঙ্গে বাকসাস বলেন, ‘বাংলাদেশের বাজার যথেষ্ট প্রতিশ্রুতিশীল। গত সাত-আট বছরে টেলিযোগাযোগ খাতে বাংলাদেশ যথেষ্ট উন্নতি করেছে। এখন ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে থ্রিজি অবশ্যই প্রয়োজন। কারণ এ দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা অনেক কম। আর থ্রিজি চালু হলে গ্রাহকেরা মুঠোফোনে সহজেই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।’ থ্রিজি লাইসেন্স প্রসঙ্গে বাকসাস বলেন, ‘টেলিযোগাযোগ বাজারে অভিজ্ঞতার আলোকে ‘বিউটি কনটেস্ট’-এর (যাচাই-বাছাই) মাধ্যমে থ্রিজি লাইসেন্স দেওয়া উচিত, নিলাম পদ্ধতির মাধ্যমে নয়। কারণ নিলামে সব সময় প্রকৃত মূল্য থেকে প্রস্তাবিত মূল্যের পরিমাণ অনেক বেশি হয়ে থাকে। স্বাভাবিকভাবে লাইসেন্সের দাম বেশি হয়ে গেলে সাধারণ গ্রাহক ক্ষতিগ্রস্ত হবে।’সদ্য সংশোধিত টেলিযোগাযোগ আইন প্রসঙ্গে বাকসাস বলেন, ‘ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে হলে সরকারকে টেলিযোগাযোগ আইন এবং নীতিমালা প্রণয়নে অনেক বেশি সতর্ক হতে হবে। আইন সংশোধনের ফলে এখন মন্ত্রণালয় ও কমিশন উভয়েই নিয়ন্ত্রক। তাই উভয়কেই ভারসাম্য রেখে কাজ করতে হবে। বিশেষ করে আইনের স্থিতিশীলতা, স্বচ্ছতা, স্পষ্টতা থাকতে হবে। বারবার আইনের পরিবর্তন হলে কোনো ব্যবসায়িক পরিকল্পনা করা যায় না। লাইসেন্স নবায়নের আগে গ্রামীণফোন উল্লেখযোগ্য কোনো বিনিয়োগ করবে কী?— এ প্রশ্নের জবাবে টেলিনরের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, সাধারণত প্রতিষ্ঠানের মোট লাভের ৮০ শতাংশ পুনঃবিনিয়োগ করা হয়। বাকি ২০ শতাংশ বিভিন্ন দেনা বা অন্যান্য খরচে ব্যয় হয়। এখন থ্রিজি লাইসেন্সের নীতিমালা হাতে পেলে পরবর্তী বিনিয়োগের পরিকল্পনা করা হবে।