মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে গেজেট অনুযায়ী দেশের দুই লক্ষাধিক মুক্তিযোদ্ধার মধ্যে তালিকাভুক্ত বীর মহিলা মুক্তিযোদ্ধা ১৬২।আজ মঙ্গলবার জাতীয় সংসদে সাংসদ আমিনা আহমেদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।হাবিবুর রহমানের এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী জানান, বর্তমানে গেজেট অনুযায়ী দেশে মুক্তিযোদ্ধার সংখ্যা দুই লাখ ১৭০ জন। তাঁদের মধ্যে দেড় লাখ মুক্তিযোদ্ধাকে সম্মানী ভাতার আওতায় আনা হয়েছে। ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মারা গেলে সেই ভাতা তাঁর স্ত্রী-সন্তানদের দেওয়া হয়ে থাকে।অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মহিলা মুক্তিযোদ্ধার তালিকা মন্ত্রণালয়ে সংরক্ষিত রয়েছে। তালিকাভুক্ত মহিলা মুক্তিযোদ্ধার সংখ্যা ১৬২ জন। কিন্তু বীরাঙ্গনা নারীদের কোনো তালিকা সংরক্ষণ করা হয়নি।সাংসদ সুকুমার রঞ্জন ঘোষের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, দেশের সাতজন বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার সমাধিস্থল এক জায়গায় করার কোনো পরিকল্পনা সরকারের নেই।অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ৮০৬ কোটি টাকা ব্যয়ে প্রতিটি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স করা হবে। আগামী তিন বছরের মধ্যেই এ কাজ শেষ হবে।