দেশে তৈরি পোশাকে ফ্যাশন রজনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘড়ির কাঁটা তখন সন্ধ্যা সাতটা ছুঁই ছুঁই করছে। নিরাপত্তার চাদরে ঢাকা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনের বিশাল শামিয়ানা। অধীর আগ্রহে বসে আছে প্রায় হাজার খানেক দর্শক। সবার উৎসুক চোখ তখন চেয়ে আছে মঞ্চের দিকে। সবার চাহনির কারণ একটাই আর তা হলো ‘বাংলাদেশ অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল এক্সপোজিশন-বাটেক্সপো ২০১১’। সবার যেন আর তর সইছে না। কখন র‌্যাম্প মডেলরা ধীর পায়ে বাংলার তৈরি কাপড় গায়ে চাপিয়ে এগিয়ে আসবেন সে অপেক্ষায় আছে সবাই।বাংলাদেশের পোশাকশিল্পের সবচেয়ে বড় প্রদর্শনী বাটেক্সপোর আয়োজন হবে আর ফ্যাশন শো থাকবে না, এটা যেন ভাবাই যায় না। তবুও শুরু হয় না অনুষ্ঠান। এদিকে ঘড়ির কাঁটা যে এগিয়ে চলেছে, সেদিকে বোধ হয় খেয়াল ছিল না আয়োজকদের। অবশেষে শুরু হয় বাটেক্সপোর ২২তম আসরের রাত্রিকালীন আয়োজন। প্রথমেই মনোমুগ্ধকর লেজার শোর মাধ্যমে তুলে ধরা হয় বিজয়ের ৪০ বছর ও বাংলার গৌরবোজ্জ্বল ইতিহাস। সেই সঙ্গে উঠে আসে বাংলাদেশের পোশাকশিল্পের ইতিহাস, ইতিবৃত্ত ও সম্ভাবনার সব চিত্র।অবশেষে এল সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। সাদা ধোঁয়া ভেদ করে র‌্যাম্প মডেলরা একে একে এগিয়ে আসছিলেন মঞ্চের দিকে। দর্শকসারিতে তখন যেন পিনপতন নীরবতা। কারও মুখে কোনো কথা নেই। সবার চোখ তখন মঞ্চের দিকে। বাংলাদেশে তৈরি বিভিন্ন কাপড়ের পোশাক র‌্যাম্প মডেলদের গায়ে। তাঁরা প্রত্যেকেই যেন বাংলার পোশাকশিল্পেরই প্রতিনিধিত্ব করছেন। কখনো লাজুক বর-বধূর বেশে বিয়ের পোশাকে আবার কখনো বা প্রজাপতির বেশে ডানাওয়ালা পোশাকে র‌্যাম্প মডেলরা হাজির হলেন মঞ্চে। এভাবে অনেকক্ষণ ধরে চলল মডেলদের ক্যাটওয়াক। আর এ ফ্যাশন শোর মাধ্যমে তুলে ধরা হলো বাংলার পোশাকশিল্পের ঐতিহ্য। গৌরবে দশর্কসারি থেকে তখন কেউ কেউ বলে উঠছিলেন, ‘ওই দেখো আমার দেশের এ পোশাক যায় ভিনদেশে।’ ১০-১২ ডিসেম্বর বাটেক্সপো ২০১১-এর আয়োজন করে বিজিএমইএ। আর তিন দিনব্যাপী এ আয়োজনে অংশ নেয় দেশি-বিদেশি বহু পোশাকশিল্প প্রতিষ্ঠান।