দেশে দ্বিতীয় সাবমেরিন কেবল স্থাপন করা হবে
দেশের জনগণের কাছে অবাধ ইন্টারনেট যোগাযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার দ্বিতীয় সাবমেরিন কেবল স্থাপনের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে গাইডলাইনও প্রস্তুত করা হয়েছে।আজ বৃহস্পতিবার বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. মনোয়ার হোসেন এ তথ্য জানান।মনোয়ার হোসেন বলেন, বাংলাদেশে মাত্র একটি সাবমেরিন কেবল থাকায় বিভিন্ন সময় আন্তর্জাতিক টেলিযোগাযোগ-ব্যবস্থা বিঘ্নিত হয়। নিরবচ্ছিন্ন যোগাযোগ-সুবিধা নিশ্চিত করতে আরও একটি সাবমেরিন কেবল স্থাপন খুবই জরুরি। সেই ভাবনা থেকেই সরকার এ উদ্যোগ নিয়েছে।বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) ইতিমধ্যে দ্বিতীয় সাবমেরিন কেবল স্থাপনের গাইডলাইন তৈরি করেছে। বিটিআরসি সূত্রে জানা যায়, খুলনা-ভারতের চেন্নাই রুটে দ্বিতীয় সাবমেরিন কেবল স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া ভারতের সঙ্গে বাংলাদেশের টেরিসট্রিয়াল সংযোগ (লিংক) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী নভেম্বরেই এর কাজ শুরু হতে পারে।বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার বাস্তবায়ন, সফটওয়্যার রফতানি বৃদ্ধি বা বর্ধিত ইন্টারনেট ব্যবহারকারীর চাহিদা মেটানো— সবকিছুর মূলে রয়েছে সাবমেরিন কেবলের সংযুক্তি। বিকল্প সাবমেরিন কেবল বা অপটিক্যাল ফাইবারের সংযোগ ছাড়া নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সম্ভব নয়। সাবমেরিন কেবল কাটা পড়লে বা অন্য কোনো সমস্যা দেখা দিলে তা মেরামত করতে কমপক্ষে সাত থেকে আট দিন সময় লাগে। বাংলাদেশে মাত্র একটি কেবল থাকায় ব্রেকডাউনের এ সময়টিতে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু সাবমেরিন কেবল বা অপটিক্যাল ফাইবারের বিকল্প কোনো পথ থাকলে এই সমস্যা থেকে সহজেই উত্তরণ সম্ভব। তাই দ্বিতীয় সাবমেরিন কেবল স্থাপিত হলে বাংলাদেশে এ ধরনের আর কোনো সমস্যা থাকবে না। —বাসস।