দেশে পাঁচ কোটি মানুষ মধ্যবিত্তে উন্নীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের পাঁচ কোটি মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে উন্নীত হয়েছে। মাথাপিছু আয় বেড়ে ৬৩০ থেকে ৮৫০ মার্কিন ডলার হয়েছে। প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশ বিশ্বের পঞ্চম শীর্ষ দেশ হিসেবে বিবেচিত হয়েছে।আজ বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসের আর্মি এভিয়েশন চত্বরে সেনাবাহিনীতে চতুর্থ প্রজন্মের ট্যাংক, ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ রাডার ও উদ্ধারযান অন্তর্ভুক্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তিন বাহিনীর প্রধানসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সেনাবাহিনীর জন্য চীনের তৈরি অত্যাধুনিক ১৩টি এমবিটি-২০০০ ট্যাংক, তিনটি সামরিক উদ্ধারযান বিডব্লিউ-৬৫৪ ও তিনটি ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ রাডার হস্তান্তর করা হয়। এর মাধ্যমে এই সামরিক যানগুলো আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়। নতুন এই সামরিক যানগুলো দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ব্যবহূত সামরিক যানের মধ্যে অন্যতম। সেনাবাহিনীর জন্য আরও নতুন সামরিক সরঞ্জাম আনা হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, যুক্তরাজ্য থেকে শিগগিরই শব্দ শুনে বুঝতে সক্ষম আর্টিলারি সরঞ্জাম কেনা হবে। এতে আগ্রাসী কামান, রকেট ও দূরপাল্লার অস্ত্রের অবস্থান নির্ভুলভাবে শনাক্ত করা সম্ভব হবে। পরে নতুন ট্যাংক, উদ্ধারযান ও রাডারগুলো প্রদর্শন করা হয়।