দেশে পোশাকশ্রমিকের মজুরিই সবচেয়ে কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের উল্লেখযোগ্য ১০টি শিল্প খাতের মধ্যে পোশাকশ্রমিকের মজুরি সবচেয়ে কম। অথচ পোশাকশিল্পই দেশের সবচেয়ে ব্যবসাসফল শিল্প খাত। এই শিল্প থেকেই দেশের ৭৬ শতাংশ রপ্তানি আয় হয়। আন্তর্জাতিক বাজারে পোশাকপণ্যের প্রতিযোগী দেশগুলোর তুলনায়ও বাংলাদেশে এই শিল্পের মজুরি সর্বনিম্ন।বিদেশি বড় ক্রেতা প্রতিষ্ঠানগুলোর মতে, শিল্পমালিকেরা শ্রমিকের মজুরি বাড়ালে বিদেশি ক্রেতারাও তাঁদের পণ্যের মূল্য বাড়াবেন। কেননা, ক্রেতারা শ্রমিকের বর্তমান মজুরি সম্পর্কে জানেন। ফলে তাঁরাও পণ্যের উৎপাদন খরচ বিবেচনা করেই মূল্য নির্ধারণ করে থাকেন।প্রসঙ্গত, সরকার গত ১৪ জানুয়ারি পোশাক খাতের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে বোর্ড গঠন করেছে। সর্বশেষ গত ৩০ মে বোর্ডের সভায় শ্রমিক প্রতিনিধি ন্যূনতম মজুরি ছয় হাজার ২০০ টাকা বা ৯০ ডলার নির্ধারণের দাবি করেছেন। তবে মালিকেরা দিতে চান মাত্র এক হাজার ৯৮৯ টাকা বা ২৯ মার্কিন ডলার। অর্থাৎ মালিকেরা সর্বশেষ ২০০৬ সালে নির্ধারিত ন্যূনতম মজুরি থেকে মাত্র ৩২৭ টাকা বেশি দিতে চান। ২০০৬ সালে ন্যূনতম মজুরি নির্ধারিত হয়েছিল এক হাজার ৬৬২ দশমিক ৫০ টাকা।এ অবস্থায় মজুরি বোর্ড গত ৩০ মে অনুষ্ঠিত বৈঠকে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। আজ মঙ্গলবার আবার বৈঠক।সূত্র জানায়, ২০০৬ সালের ঘোষিত মজুরিকাঠামোর সঙ্গে জীবনযাত্রার ব্যয় কিংবা মূল্যস্ফীতি বা প্রতিযোগী দেশ, শিল্পের প্রসার-প্রবৃদ্ধির কোনো সামঞ্জস্য ছিল না। এর আগে ১৯৯৪ সালে ঘোষিত পোশাক খাতের সর্বশেষ ন্যূনতম মজুরি ছিল ৯৩০ টাকা। ১২ বছর পার হলেও মালিকদের পক্ষ থেকে ন্যূনতম মজুরি বাড়ানোর কোনো উদ্যোগ ছিল না। ২০০৬ সালের মাঝামাঝি সময়ে পোশাকশিল্পে মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিক অসন্তোষ এবং অনেক কারখানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর হয়। এর পরেই ন্যূনতম মজুরির ঘোষণা হলেও অধিকাংশ মালিক দীর্ঘদিন ধরে এর বাস্তবায়ন করেননি। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে এর বাস্তবায়নে মালিকদের বাধ্য করা হয়েছিল। আবার অভিযোগ আছে, ২০০৬ সালে মজুরিকাঠামো নির্ধারণ করতে কিছু শ্রমিক নেতাকে আয়ত্তে রাখতে অর্থ ব্যয় করাও হয়েছিল।বিলসের সমীক্ষা: বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) রাজধানী ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে সর্বনিম্ন জীবনযাত্রার ব্যয় হিসাব করতে একটি সমীক্ষা করছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, ঢাকায় চার সদস্যের এক পরিবারের মাসে ন্যূনতম খরচ আট হাজার টাকার বেশি।বিলসের সহকারী নির্বাহী পরিচালক সুলতান আহমেদ বলেন, ‘নারায়ণগঞ্জে একজন শ্রমিকের ন্যূনতম খরচ পড়ে পাঁচ হাজার ৩০০ টাকা। আমাদের মত হলো, ন্যূনতম মজুরিকাঠামো নির্ধারণে জীবনযাত্রার এই ব্যয় বিবেচনা করা উচিত।’নারায়ণগঞ্জে শ্রমিকের জীবনযাত্রার ব্যয় নিয়ে বিলসের সমীক্ষায় দেখা যায়, একজন শ্রমিকের মাসে বাজার খরচ দুই হাজার ৫১০ টাকা, মেসভাড়া ৮০০ টাকা, যাতায়াত খরচ ৬০০ টাকা, টেলিভিশন ও অন্যান্য বিনোদন বাবদ ৪০০ টাকা, চিকিৎসা বাবদ ৬০০ এবং একটি সন্তানের শিক্ষার খরচ ৪০০ টাকা।পোশাক খাতের মুজরি সর্বনিম্ন: দেশে উল্লেখযোগ্য ১০টি শিল্প খাতের মধ্যে পোশাকশ্রমিকের মজুরি সবচেয়ে কম। সর্বশেষ মজুরি বোর্ডের ঘোষিত ও দুটি ক্ষেত্রে খসড়া কাঠামো অনুযায়ী, বর্তমানে তেলমিলের একজন শ্রমিকের ন্যূনতম মজুরি সাত হাজার ৪২০ টাকা, রি-রোলিং মিলে চার হাজার ৬০০ টাকা, ঢালাইয়ের কারখানায় (ফাউন্ড্রি) চার হাজার ২০০ টাকা, ওষুধ প্রস্তুতকারক কারখানায় তিন হাজার ৬২৫ টাকা, আয়ুর্বেদিক ওষুধ প্রক্রিয়াকরণ কারখানায় চার হাজার ৩৫০ টাকা, জাহাজভাঙা শিল্পে চার হাজার ৬২৫ টাকা, সাবান ও প্রসাধনশিল্পে তিন হাজার ৩০০ টাকা, দর্জি কারখানায় দুই হাজার ৩২৫ টাকা, স মিলস বা করাতকলে চার হাজার ১২০ টাকা এবং চিংড়ি প্রক্রিয়াকরণ শিল্পে দুই হাজার ৬৪৫ টাকা।এর মধ্যে কিছু ওষুধ, সাবান ও চিংড়ি বিদেশে রপ্তানি হয়। তবে এসব শিল্পে শ্রমিকের কাজের চেয়ে পোশাকশিল্পে শ্রমিকের কাজে পরিশ্রম বেশি।প্রতিযোগী দেশের তুলনায় কম: বিশ্বের শীর্ষস্থানীয় পোশাক উৎপাদনকারী দেশের গড় শ্রমমূল্য সম্পর্কে বিশ্বব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, তুরস্কে পোশাকশিল্পের একজন শ্রমিক প্রতি ঘণ্টায় ২ দশমিক ৪৪ মার্কিন ডলার, মেক্সিকোতে ২ দশমিক ১৭ ডলার, চীনে ১ দশমিক ৪৪ থেকে ১ দশমিক ৮৮ ডলার, পাকিস্তানে শূন্য দশমিক ৫৬ ডলার, ভারতে শূন্য দশমিক ৫১ ডলার, শ্রীলঙ্কায় শূন্য দশমিক ৪৪ ডলার এবং ভিয়েতনামে শূন্য দশমিক ৪৪ ডলার মজুরি পান। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ভিয়েতনামের সমাজতান্ত্রিক সরকার শ্রমিকের জন্য খুবই সস্তায় আবাসন, পরিবহন ও অন্যান্য সুবিধা দিয়ে থাকে।৪ জুন অবশ্য চীন পোশাক খাতে মজুরি ২০ শতাংশ বাড়িয়েছে। এর ফলে মজুরি দাঁড়িয়েছে ১৯৭ ডলার। সাম্প্রতিক সময়ে বলা হচ্ছে, চীনে মজুরি বেশি হওয়ায় সেখানে পোশাক খাত ব্যবসায়িকভাবে লাভালাভের জায়গায় থাকছে না। যে কারণে বাংলাদেশসহ আরও কয়েকটি দেশ বিনিয়োগকারী ও ক্রেতাদের আকৃষ্ট করছে। তা সত্ত্বেও চীন নতুনভাবে মজুরি বাড়াল।বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে, এখানে ধারাবাহিক শ্রমিক অসন্তোষের মূলে রয়েছে কম মজুরি। এর ফলে গোটা পোশাক খাতের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়েছে। সংস্থাটির আরেক প্রতিবেদনে বাংলাদেশের পোশাক খাতে শ্রমিকের সর্বোচ্চ ও সর্বনিম্ন (বিশেষত নিট খাতে প্রতি পিস হিসাবে মজুরিসহ) মজুরি ধরে হিসাব করে বলা হয়েছে, ঘণ্টাপ্রতি মজুরি ৩১ সেন্ট হয়। পোশাক খাতের এখন সর্বনিম্ন মজুরি মাসে এক হাজার ৬৬২ দশমিক ৫০ টাকা। দিনে আট কর্মঘণ্টা, সাপ্তাহিক ছুটি চার দিন বিবেচনায় নিয়ে ২৬ কর্মদিবস এবং প্রতি ডলার ৬৯ টাকা হিসাবে নিলে একজন পোশাকশ্রমিকের ঘণ্টায় ন্যূনতম শ্রমমূল্য দাঁড়ায় শূন্য দশমিক ১২ ডলারেরও কম।এসব বিষয়ে বিজিএমইএর সহসভাপতি ও মজুরি বোর্ডে মালিক প্রতিনিধি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, গ্যাস ও বিদ্যুতের সংকট, আন্তর্জাতিকভাবে মন্দা ও পণ্যের মূল্য কমে যাওয়ায় তাঁদের ৩২ থেকে ৩৫ শতাংশ উৎপাদন খরচ বেড়ে গেছে। আর বাজারমূল্য ধরলে ২০০৬ সালের তুলনায় শ্রমিকের ব্যয় বেড়েছে ২৬ থেকে ৩০ শতাংশ।শফিউল ইসলাম দাবি করেন, তাঁরা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০০৫ সালের সমীক্ষা থেকে একজন মানুষের দৈনিক ক্যালোরির প্রয়োজনীয়তা এবং বিবিএস ও টিসিবির বর্তমান বাজারদর ধরে হিসাব করে এক হাজার ৯৮৯ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের প্রস্তাব করেছেন।তবে বিজিএমইএ বিবিএসের ভোক্তামূল্য সূচক নিয়ে যে হিসাব দেয়, তাতে বৃদ্ধি দাঁড়ায় দুই হাজার ১০৪ টাকা। আর ন্যূনতম মজুরির আলোচনায় তিনি হোসিয়ারি ও দর্জি কারখানায় শ্রমিকের মজুরির কথা বলেছেন। এসব খাতের মজুরিও পোশাকশিল্পের মালিকদের প্রস্তাবিত মজুরি অপেক্ষা বেশি। একই সঙ্গে জনাব মহিউদ্দিন তাঁদের সমিতির আওতাভুক্ত শিল্পমালিকদের ন্যূনতম মজুরি প্রসঙ্গে অভিমত সর্বোচ্চ দুই হাজার টাকা উল্লেখ করেন।ন্যূনতম মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধি বেগম শামসুন নাহার বলেন, ‘গ্যাস-বিদ্যুতের সমস্যা ও আন্তর্জাতিক মন্দা যখন ছিল না, মালিকেরা যখন ভালো ব্যবসা করেছেন, তখনো কিন্তু আমাদের শ্রমিকের ন্যায্য মজুরি দেননি।’ তিনি বলেন, ২০০৬ সালে মজুরি বোর্ডে শ্রমিকের দাবি ছিল তিন হাজার টাকা, সেটা দেওয়া হয়নি। তিনি বলেন, ‘আমরা বলেছি, অন্তত শ্রমিকের জীবনধারণের মতো মজুরি দেন। শ্রমিকের এই না খাওয়া অবস্থা হলে তাঁরা মেশিন চালাতে গিয়ে মাথা ঘুরে পড়ে যাবেন।’