দেশে প্রতি তিন দিনে একটি বিচারবহির্ভূত হত্যা
দেশে প্রতি তিন দিনে অন্তত একটি বিচারবহির্ভূত হত্যা হচ্ছে। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক) বছরের প্রথম তিন মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ‘ক্রসফায়ারে’ বিচারবহির্ভূত হত্যার এই হিসাব দিয়েছে। আসক আজ বৃহস্পতিবার ওই প্রতিবেদন প্রকাশ করে।বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত সংবাদের ভিত্তিতে ওই ত্রৈমাসিক প্রতিবেদন তৈরি করেছে সংস্থাটি। এতে জানা যায়, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ৩০ জনের মধ্যে র্যাবের ‘ক্রসফায়ারে’ ১৭ জন, পুলিশের হাতে ছয়জন এবং র্যাব-পুলিশের ‘ক্রসফায়ারে’ তিনজন মারা গেছে। এ ছাড়া পুলিশের নির্যাতনে তিনজন এবং পুলিশের গুলিতে একজন মারা যায়। এই সময়কালে কারাগারে মৃত্যু হয়েছে ২৫ জনের। ৪০ জন সাংবাদিক বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন।গত তিন মাসে ১০৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় সারা দেশে ১৪ জনের মৃত্যু হয়েছে আর আহত হয়েছে এক হাজার ৪১৩ জন। সীমান্তে গুলিতে মারা গেছে তিনজন, শারীরিক নির্যাতনের পর মারা গেছে চারজন, আহত হয়েছে ৩০ জন এবং অপহরণ হয়েছে ছয় জন। অন্যদিকে অপহরণের পর ১০ জন ফেরত এসেছেন।যৌন নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা করেছেন ১৩ জন নারী। একজনকে খুন করেছে বখাটেরা। এ ছাড়া যৌন হয়রানির প্রতিবাদ করতে গিয়ে প্রাণ দিয়েছেন চারজন।তিন মাসে সাতজন নারী ফতোয়ার শিকার হয়েছে। এসিড সন্ত্রাসের শিকার হয়েছে ১৮ জন। ১৪৮ নারী ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে ২২ জন নারীকে ধর্ষণের পর হত্যা এবং ১০ জন আত্মহত্যা করেছে। এ ছাড়া যৌতুককে কেন্দ্র করে নির্যাতনের শিকার হয়েছে ১১৬ জন নারী।