দেশে প্রথম বাচ্চা ফুটল ম্যাকাওয়ের
দীর্ঘ ১৪ বছরের প্রতীক্ষা। নানা পরীক্ষা-নিরীক্ষা, গবেষণা। পরপর দুবার নাগালে এসেও ধরা দেয়নি সাফল্য। অবশেষে তৃতীয়বারে এল সাফল্য। ঢাকায় প্রথমবারের মতো দুর্লভ ব্লু-গোল্ড ম্যাকাও পাখির ডিম ফুটে বাচ্চা হলো।বিরল প্রজাতির পাখি এই ব্লু-গোল্ড ম্যাকাও। যেমন বাহারি রং, তেমনি চমক লাগানো এর আচরণ। মধ্য ও দক্ষিণ আমেরিকা অঞ্চলের এই পাখি বাংলাদেশের টিয়া পাখির সমগোত্রীয়, গড়নও তেমন। তবে আকারে অনেক বড়।এই পাখির আদি নিবাস প্রধানত আমাজন অববাহিকার গভীর জঙ্গলে। এই পাখি গোটা উপমহাদেশে আছে হাতেগোনা কয়েকটি। এর এক জোড়া রয়েছে রাজধানীর ২২/২ হাতিরপুলে ড. আবদুল ওয়াদুদের ব্যক্তিগত সংগ্রহে। গত ১০ আগস্ট তাঁর ব্লু-গোল্ড ম্যাকাও পাখির ডিম ফুটে দুটি ছানার জন্ম হয়েছে। বেশ ভালো আছে তারা। নীল রঙের নরম পালকে ভরে উঠেছে পাখনা।গতকাল মঙ্গলবার ম্যাকাও পাখির ছানাদের দেখতে গিয়ে বেশ চমকিত হওয়া গেল। খুব যত্ন আর নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে ছানাদের। আবদুল ওয়াদুদের আছে নানা রকমের দুর্লভ পাখির বিপুল সংগ্রহ, যাকে ছোট আকারের পক্ষীনিবাসও বলা চলে। ব্লু-গোল্ড ম্যাকাও দম্পতি ও ছানাদের রাখা হয়েছে আলাদা কক্ষে। ক্লোজ সার্কিট ক্যামেরায় চলছে সার্বক্ষণিক পর্যবেক্ষণ। ওই ঘরের বাইরে থাকা বড় পর্দায় দেখানো হচ্ছে সেই ঘরের দৃশ্য। পাখি পোষার শখ যাদের, তারা অনেকেই আসছে ম্যাকাও ছানা দেখতে।আবদুল ওয়াদুদ জানালেন, ১৯৯৭ সালে পাখি দুটি আনা হয় ব্রাজিল থেকে। প্রথম দিকে কলা তরল করে ফিডার দিয়ে খাওয়ানো হতো। ধীরে ধীরে পাখি দুটি প্রশিক্ষণের পর কথা বলা ও মানুষের আচরণ বুঝতে শেখে। তিনি ১৪ বছর ধরে ব্লু-গোল্ড ম্যাকাও পাখির ডিম থেকে বাচ্চা ফোটানোর ওপর গবেষণা করেন। এর আগে দুবার ডিম দিলেও শেষ পর্যন্ত বাচ্চা ফোটেনি। এবার চেষ্টা সফল হয়েছে। এটি ছিল তাঁর জন্য বড় রকমের চ্যালেঞ্জ।সংগ্রাহক আরও জানালেন, দৃষ্টিনন্দন এই পাখি ব্রাজিল, বলিভিয়া, ত্রিনিদাদ, মেক্সিকো, কোস্টারিকা ও পানামার গভীর জঙ্গলে দেখা যায়। এই পাখির দিকে একবার তাকালে চোখ ফেরানো দায়। বড়ই আকর্ষণীয় ও বর্ণিল এর রূপ। পাখনার উপরিভাগ, মাথা থেকে পিঠ হয়ে লেজ পর্যন্ত্রগাঢ় নীল। গলা ও পাখনার নিচের অংশ সোনালি। মুখমণ্ডল সাদা জমিনের ওপর কালো ডোরাকাটা। মাথায় ঝুঁটি নেই। মাথার ওপরের রং নীল বেগুনিতে মেশানো। ঠোঁট ও পা কালো। পাখিটি দৈর্ঘ্যে ৩৩ থেকে ৩৫ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। এরা গভীর জঙ্গলে বড় গাছের কোঠরে বিশেষ করে পাইনগাছে বাসা বাঁধে। গড় আয়ু ৫০ থেকে ৬০ বছর। উপমহাদেশের আর্দ্রতা ও তাপমাত্রা এদের অনুপযোগী। এ কারণে এখানে এদের লালন-পালন বেশ কষ্টসাধ্য।ব্লু-গোল্ড ম্যাকাওয়ের প্রধান খাদ্য বাদাম, ভুট্টা, সূর্যমুখী ফুলের বীজ, শসা, কলা, আপেল, কমলা, গাজর, বরবটি, পেঁপে, আঙুর ইত্যাদি। এরা সাধারণত ছয় মাস পরপর দুটি থেকে সর্বোচ্চ চারটি ডিম দেয়। কথা বলে সকালে ও বিকেলে। অনেক গুণও আছে এই পাখির। মানুষের অনুকরণে কথা বলা ছাড়াও খেলাধুলা, শারীরিক কসরত করতে পারে।দুর্লভ আরও অনেক পাখি আছে আবদুল ওয়াদুদের এই সংগ্রহশালায়। তিনি জানালেন, দুর্লভ এসব পাখি রক্ষণাবেক্ষণ ব্যয়বহুল। পরিচর্যায় সামান্য ত্রুটি বা ব্যতিক্রমে পাখির মৃত্যুর ঝুঁকি থাকে। তাঁর সংগ্রহে অন্যান্য পাখির মধ্যে রয়েছে স্কারলেট ম্যাকাও, গ্রিন উইং ম্যাকাও, হ্যান্স ম্যাকাও, কাইক, পিন্যান্ট, সিনাসন, আফ্রিকান গ্রে প্যারট, রোবিনো ও ইস্টার্ন রোজেলা, আমাজন প্যারট, রক পাবলার, বুরকিস প্যারাকিট, কাকারাকি, বিভিন্ন প্রজাতির কাকাতুয়া, বিভিন্ন রং ও প্রজাতির টিয়া, র্যাম, ডায়মন্ড ও গ্রিন ডাভ, রেইনবো ও ব্ল্যাক ক্যাপ লরি, জানদিয়ার, গোল্ডেন ও সিলভার ফ্রিজেন্ট, পোর্ট লিংকন, মংক প্যারাকিট, প্রিন্সেস অব ওয়েলস, আমেরিকান কুট, নর্দার্ন পিনটেইলসহ বিভিন্ন প্রজাতির লাভবার্ড।হাতিরপুলে এই সংগ্রহশালায় গিয়ে দর্শনার্থীরা বিনা মূল্যেই পাখি দেখতে পারে। এ ছাড়া পাখি পুষতে আগ্রহী ব্যক্তিদের এখান থেকে সহায়তা এবং পাখির অসুখ-বিসুখে করণীয় সম্পর্কে বিনা খরচে পরামর্শ দেওয়া হয়।