দেশে ফিরছেন পারভেজ মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক সেনাশাসক ও প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ আগামীকাল রোববার স্বেচ্ছার্নিবাসন শেষে দেশে ফিরছেন। আগামীকাল তাঁর করাচি পৌঁছার কথা। গতকাল শুক্রবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।বিবিসি জানায়, তিনটি মামলায় তাঁকে ‘সুরক্ষামূলক জামিন’ দেওয়া হয়েছে। বিচারক সাজ্জাদ আলী তিন লাখ রুপি জরিমানার বিনিময়ে তাঁর এ জামিন মঞ্জুর করেন। সুরক্ষামূলক জামিন পাওয়ার ফলে দেশে ফেরার পর তাঁকে তাত্ক্ষণিক গ্রেপ্তারের মুখোমুখি হতে হবে না। এর মধ্য দিয়ে তাঁর দেশে ফেরার পথ সুগম হলো। মোশাররফের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকা, ২০০৭ সালে বেনজির ভুট্টোর ওপর হামলার ঘটনায় পর্যাপ্ত নিরাপত্তা দিতে না পারাসহ বেশ কয়েকটি অভিযোগে মামলা রয়েছে। ২০০৮ সালের পার্লামেন্ট নির্বাচনে হেরে যায় পারভেজ মোশাররফের দল। একই বছরের আগস্টে অভিশংসনের হুমকির মুখে তিনি পদত্যাগ করেন। এরপর গ্রেপ্তার এড়াতে গত পাঁচ বছর স্বেচ্ছানির্বাসনে লন্ডন ও দুবাইয়ে ছিলেন।এর আগেও বেশ কয়েকবার দেশে ফেরার চেষ্টা করেছেন মোশাররফ। তবে সরকারের বাধার মুখে তখন তাঁর দেশে ফেরা হয়নি। ধারণা করা হচ্ছে, দেশে ফিরে আগামী ১১ মে অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনে অংশ নিতে পারেন সাবেক এই স্বৈরশাসক।