‘মীর কাশেম আলী দেশ ছেড়েছেন!’ শিরোনামে গতকাল রোববার প্রথম আলোয় প্রকাশিত খবর প্রসঙ্গে বক্তব্য দিয়েছে দিগন্ত মিডিয়া করপোরেশন লিমিটেড। এতে বলা হয়েছে, বিদেশে কাজ শেষে নির্ধারিত সময়ে মীর কাশেম আলী দেশে ফিরে আসবেন। তবে তিনি কবে ফিরে আসবেন, তা ওই বক্তব্যে উল্লেখ করা হয়নি।কোম্পানির সেক্রেটারি শাহ আলম মিয়া স্বাক্ষরিত বক্তব্যে বলা হয়, মীর কাশেম আলী দিগন্ত মিডিয়া করপোরেশন, নিজস্ব হাউজিং ও পর্যটন ব্যবসার প্রয়োজনে দেশের বাইরে গেছেন। গত কয়েক মাসে এ ধরনের প্রয়োজনে তিনি আমেরিকা, মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়া সফর করেন এবং কাজ শেষে দেশে ফিরে আসেন। এবার সৌদি আরব ও কাতার সফরের সময় তিনি ওমরা পালন করবেন। কাতারের একটি টেলিভিশনের সঙ্গে দিগন্ত টিভির অনুষ্ঠান বিনিময়-সংক্রান্ত আলোচনায় যোগ দেবেন তিনি। তিনি প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের জন্য উৎসাহিত করবেন।বক্তব্যে আরও বলা হয়, মীর কাশেম আলী বিমানবন্দরে সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরই দেশের বাইরে যান। কথিত মানবতাবিরোধী অপরাধের যে অভিযোগে তাঁকে অভিযুক্ত করার প্রসঙ্গ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তা তিনি অবগত নন। এ ধরনের অভিযোগ আদালতে এলে তিনি প্রমাণ করবেন, এ অভিযোগের কোনো ভিত্তি নেই। প্রথম আলোয় প্রকাশিত খবর পাঠককে বিভ্রান্ত করে থাকতে পারে বলেও এতে উল্লেখ করা হয়। প্রতিবেদকের বক্তব্য: প্রকাশিত খবরে কোনো অসত্য বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশিত হয়নি। সফর শেষে মীর কাশেম ফিরে আসবেন কি না, সে ব্যাপারে কোনো মন্তব্যও প্রতিবেদনে করা হয়নি। বিমানবন্দরের ইমিগ্রেশন শাখার দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলেই এ প্রতিবেদন তৈরি করা হয়। মানবতাবিরোধী অপরাধের অভিযোগের ব্যাপারে তিনি অবগত নন বলে বক্তব্যে উল্লেখ করা হলেও এ সংক্রান্ত প্রতিবেদন কয়েক দিন ধরেই বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। মন্ত্রীরাও এ ধরনের বক্তব্য দিচ্ছেন।