দেশে ফিরলেন ওয়াসফিয়া
এভারেস্টজয়ী দ্বিতীয় বাংলাদেশি নারী ওয়াসফিয়া নাজরীন আজ শনিবার কাঠমান্ডু থেকে দেশে ফিরেছেন। আজ দুপুরে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় তাঁর আত্মীয়-স্বজন, বাংলাদেশ অন সেভেন সামিটের মুখপাত্র করভি রাখসান্দ, এভারেস্টজয়ী নিশাদ মজুমদার ও এম এ মুহিত বিমানবন্দরে ওয়াসফিয়াকে স্বাগত জানান।এরপর বিমানবন্দর থেকে ওয়াসফিয়া চলে যান রায়েরবাজার বধ্যভূমির বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। সেখানে তিনি বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান।ওয়াসফিয়া বলেন, দেশে ফিরে খুব ভালো লাগছে। এভারেস্টে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নামার সময়টা। ১৮ হতে ২২ কেজি ওজনের ব্যাগ কাঁধে নিয়ে নামতে গিয়ে কষ্টটা একটু বেশিই লেগেছে। এই সময়টা এভারেস্ট আরোহণের জন্য সবচেয়ে বিপজ্জনক সময়। এই কয়েক দিনে অনেক মানুষ মারা গেছে। খারাপ আবহাওয়ার জন্য দুই দিন বেস ক্যাম্পে থাকতে হয়েছে। তাই আসতেও একটু দেরি হয়ে গেল। এই এভারেস্ট জয়কে বাংলাদেশের নারীদের সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের উত্সর্গ করেন তিনি।ওয়াসফিয়া আরও বলেন, সাত মহাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গে (সেভেন সামিট) উঠে তিনি জানান দিতে চান বাংলাদেশের নারীদের ত্যাগের কথা, সংগ্রামী জীবনের কথা। গত ২৬ মে ওয়াসফিয়া বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্ট জয় করেন। ২০১১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের দিনে ওয়াসফিয়া জয় করেছিলেন দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বত অ্যাকোনকাগুয়া।