দেশে ফিরলেন খালেদা
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা ও পবিত্র ওমরাহ পালন শেষে আজ সোমবার ভোরে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। গালফ এয়ারের একটি ফ্লাইটে ভোর পাঁচটা ১০ মিনিটে তিনি বিমানবন্দরে নামেন।খালেদা জিয়ার সফরসঙ্গীরা জানান, সৌদি আরবে অবস্থানকালে বিরোধী দলের নেতা পবিত্র ওমরাহ পালন ও বিশ্বনবী হজরত মুহাম্মদ (স.)-এর রওজা মোবারক জিয়ারত করেন। রিয়াদে বাদশাহ ফয়সাল বিশেষায়িত হাসপাতালে খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা করান। এ ছাড়া সৌদিতে থাকাকালে ইসলামি সম্মেলন সংস্থার (ওআইসি) মহাসচিব একমেলুদ্দিন এহসান ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) চেয়ারম্যান আহমেদ মোহাম্মদ আলীর সঙ্গে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্ করেন। জানা গেছে, বিরোধী দলের নেতা গতকাল রোববার যুবরাজ সালমান বিন আবদুল আজিজ আল সউদের সঙ্গে বৈঠক করেন।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস ও নজরুল ইসলাম খানসহ দলের জ্যেষ্ঠ নেতারা খালেদা জিয়াকে হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান।১৫ জুন খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য সৌদি আরবে যান। সেখানে তিনি রাজকীয় অতিথি হিসেবে অবস্থান করেন। বাসস।