দেশে ফিরলেন জারদারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি দুবাইয়ে সংক্ষিপ্ত সফর শেষে আজ শুক্রবার দেশে ফিরেছেন। জারদারির মুখপাত্র ফরহাতুল্লাহ বাবর বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘প্রেসিডেন্ট দুবাইয়ে কয়েক ঘণ্টা সফর শেষে আজ সকালে ইসলামাবাদে ফিরেছেন।’যুক্তরাষ্ট্রে পাঠানো ‘গোপন চিঠি’ (মেমো) নিয়ে সরকার ও সেনাবাহিনীর টানাপোড়েনের মধ্যে জারদারির এ সফর নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। কানাঘুষা শুরু হয় বর্তমান সরকারের থাকা না-থাকা নিয়ে। তবে প্রেসিডেন্টের ঘনিষ্ঠ এক সহযোগী জানিয়েছিলেন, এক দিনের সফরে প্রেসিডেন্ট জারদারি গতকাল বৃহস্পতিবার দুবাইয়ে গেছেন। সেখানে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়া ও স্বাস্থ্য পরীক্ষা করার কথা ছিল জারদারির। ওই সহযোগী আরও জানান, এ সফরের সঙ্গে সাম্প্রতিক সংকটের কোনো সংশ্লিষ্টতা নেই।