দেশে ফিরে আত্মসমর্পণ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কথা উল্লেখ করে আইন, বিচার ও সংসদবিষয়ক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে দেশে ফিরে এসে আত্মসমর্পণ করুন। তা না হলে আইন তার নিজের গতিতেই চলবে।’আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের দ্রুত বিচারের দাবিতে বঙ্গবন্ধু প্রজন্ম লীগের উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে কামরুল ইসলাম এ কথা বলেন।২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিগত বিএনপি সরকারের প্রতি ইঙ্গিত করে কামরুল ইসলাম বলেন, ‘তদন্ত কমিটির রিপোর্ট সরকারের হাতে এসে গেছে। যত বড় মাপের মানুষই হোক না কেন, তাদের অপরাধের বিচার হবেই।’ কামরুল ইসলাম বলেন, দেশের কারাগারে যুদ্ধাপরাধের অভিযোগে আটক আট শীর্ষ অভিযুক্তের বিরুদ্ধে বিচার চলছে। এ বিচারকাজ এ বছরের মধ্যে শেষ হবে।এ বিচারকে বাধাগ্রস্ত করার জন্য বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া উঠেপড়ে লেগেছেন। কারণ, স্বাধীনতাবিরোধী সংগঠন মুসলিম লীগ, নেজামে ইসলাম ও জামায়াতে ইসলামী নিয়েই বিএনপি গড়ে উঠেছে।বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি জাকির আহমেদের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী, সাংসদ গোলাম মওলা রনি, বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুণ সরকার, বঙ্গমাতা কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আনিসুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন। বাসস।