দেশে ফিরেই শুটিংয়ে আরিফুল হক
এপ্রিলের ৭ তারিখ দেশে ফিরেছেন কানাডা প্রবাসী অভিনয়শিল্পী আরিফুল হক। দেশে ফেরার পরদিন ৮ এপ্রিল ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’-এর শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। এ প্রসঙ্গে আরিফুল হক জানিয়েছেন, ‘হানিফ সংকেতের সঙ্গে একেবারে প্রথম ইত্যাদি থেকেই আমার সম্পর্ক। কোনো নাটকে অভিনয় করা না হলেও নিয়মিতভাবে ইত্যাদিতে কাজ করতাম। তাঁর সঙ্গে আমার অন্য রকম একটা ভালোবাসার সম্পর্ক। সেই সম্পর্কের কারণেই আসলে পাঁচফোড়নে কাজ করা। প্রায় তিন বছর পর ক্যামেরার সামনে দাঁড়ালাম। খুবই ভালো লেগেছে।’পাঁচফোড়নে আরিফুল হকের সঙ্গে আরও অভিনয় করেছেন এ প্রজন্মের অভিনয়শিল্পী সাঈদ বাবু ও সাবরিনা শাফি নিসা। এঁদের সম্পর্কে আরিফুল হক বলেন, ‘শুটিংয়ে যেয়ে ওদের দুজনের সঙ্গে আমার প্রথম দেখা। আমার মনে হয়েছে নতুন হিসেবে দুজনেই কিন্তু বেশ ভালো অভিনয় করে।’আরিফুল হক আরও জানিয়েছেন, বর্তমানে তিনি সপরিবারে কানাডায় বসবাস করছেন। এবার তিনি দেশে এসেছেন তিন বছর পর। একেবারে ব্যক্তিগত এ সফরে তিনি ১০ দিন থাকবেন। জানালেন, পারিবারিক কাজ শেষে ১৭ এপ্রিল আবার কানাডার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।আরিফুল হক সর্বশেষ ২০০৮-০৯ সালে ফিরোজ বাবু পরিচালিত ‘প্রেম বিষাদ’, খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘গহীনে শব্দ’ ও এফ আই মানিক পরিচালিত ‘চিরদিন আমি তোমার’ ছবিতে অভিনয় করেন।হানিফ সংকেতের প্রযোজনা সংস্থা ফাগুন অডিও ভিশন থেকে নির্মিত ‘পাঁচফোড়ন’ অনুষ্ঠানটি দেখানো হবে পয়লা বৈশাখে রাত নয়টায় এটিএন বাংলায়।